1বিশ্বকাপে ক্যামেরুনের ৭ খেলোয়াড়ের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে ঘিরেই ছোড়া হয়েছে অভিযোগের তির। ওই ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-০ গোলে হেরেছে ক্যামেরুন। সম্প্রতি সিঙ্গাপুর থেকে ধৃত এক জুয়ারিকে জিজ্ঞাসাবাদ করে ম্যাচ গড়াপেটার এই তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে জার্মান এক পত্রিকা। এর ভিত্তিতে ক্যামেরুনের ৭ খেলোয়াড়ের বিরুদ্ধে অানুষ্ঠানিক তদন্ত করার ঘোষণা দিয়েছে ক্যামেরুন ফুটবল কর্তৃপক্ষ। ইতোমধ্যে দেশটির ফুটবল ফেডারেশন এখন তাদের গ্রুপ ম্যাচগুলোতে খেলোয়াড়দের গতিবিধি বিশ্লেষণ করছে। এ বিষয়ে সোমবার এক বিবৃতিতে ক্যামেরুন ফুটবল ফেডারেশন জানায়, ২০১৪ সালের বিশ্বকাপের প্রথম পর্বের সব খেলায় বিশেষ করে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে ক্যামেরুনের খেলোয়াড়দের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। অামরা শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। অপরদিকে এ বিষয়ে এখনও অানুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি ফিফা। তবে সংস্থাটির গভর্নিং বডির একজন কর্মকর্তা বলেছেন, 'যে কোনও অনিয়মের সঙ্গে ফিফা কোনও অাপোষ করবে না।'