1ব্রাজিল, জার্মানি যখন কোয়ার্টার ফাইনালের বৈতরণি পার হয়ে সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হওয়ার প্রহর গুণছে। তখনই আজ শনিবার শেষ চার নিশ্চিত করতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-বেলজিয়াম। সারা বিশ্বের ব্রাজিল ভক্তরা আনন্দের জোয়ারে ভাসছে। কারণ, তাদের দল উন্নীত হয়েছে সেমিফাইনালে। একইভাবে আর্জেন্টাইন ভক্তরাও আশায় বুক বেঁধে আছে আজকের ম্যাচে জয়লাভের জন্য। যদিও শঙ্কা রয়ে গেছে কিছুটা। কারণ, প্রতিপক্ষ যে বেলজিয়াম। যারা এই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে এই পর্যন্ত সবকটি ম্যাচে জয়লাভ করেই এ পর্যন্ত উঠে এসেছে এবং নিজেদেরকে চিহ্নিত করেছে ব্যালেন্সড দল হিসেবে। গতি, ছন্দ, বল পাসিং এবং ফিনিশিং-এ নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই আজকের এই অবস্থান বেলজিয়ামের। ফেলাইনি, হ্যাজার্ড, ডি ব্রুনাই, জানুজাজ, মার্টিনেজ, লুকাকুরা আক্রমণ ভাগে দুর্দান্ত খেলছে। ডিফেন্সে ভিনসেন্ট কোম্পানি, ভেন বুইন আর গোলবারের আস্থার প্রতীক কোর্তোয়ারা মেসির নেতৃত্বে থাকা আর্জেন্টিনার আক্রমণ ভাগকে কতটুকু রুখতে পারে সেটাই আজ দেখার বিষয়। অন্যদিকে কোচ সাবেলার দৃষ্টি এখন বেলজিয়ামের আক্রমণ প্রতিহত করার দিকে। এবং কীভাবে তারা মেসির নেতৃত্বে বেলজিয়ামের ডিফেন্সে ভাঙ্গন ধরাবেন সেই দিকে। তার রক্ষণভাগ নিয়ে চিন্তা থাকলেও গতম্যাচে গ্যারি, ফার্নান্দেজ, জাবেলাতা, গঞ্জালো ও রোহোরা ভালই খেলেছেন। তবে রক্ষণ সামলাতে হলে আজ মাশচেরানোকে মাঝমাঠ থেকে আরও বেশি সহায়তা দিতে হবে। আর ডি-মারিয়া দিন যাওয়ার সাথে সাথে তার পারফর্মেন্সে উন্নতি ঘটিয়েছে। দলের সাফল্য পেতে হলে হিগুয়েনকে আজ আরও পরিশ্রমী এবং সুযোগ সন্ধানী হতে হবে। মেসি যদিও কড়া পাহারায় থাকবে। তবুও এই ফুটবল জাদুকরকে রুখে দেওয়া খুবই কঠিন। গোল করে আবার গোল করার জন্য সহজ সুযোগ তৈরি করে দেওয়ার ক্ষেত্রে বিশ্বফুটবলে তার সমতুল্য আর কেউই নেই। সেই সাথে ফ্রি কিক নেওয়ার ক্ষেত্রে তার সাফল্যতো আছেই। আর্জেন্টাইন ডিফেন্স যদি বেলজিয়ামের আক্রমণকে সঠিকভাবে প্রতিহত করতে পারে সেই সাথে মাশচেরানো, গ্যাগো, ডি-মারিয়া, হিগুয়েনরা যদি মেসিকে পর্যাপ্ত সহযোগিতা দিতে পারে তাহলে শেষ হাসিটা আর্জেন্টাইনরাই হাসবে, সেই আশাই করছি। খেলাটি অনুষ্ঠিত হবে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায়।