অ্যাস্টন ভিলার মাঠে ২-১ গোলে জিতেছে লিভারপুল। ত্রেজেগুয়েতের ২১ মিনিটের গোলে পিছিয়ে পড়েছিল অতিথিরা। তাতে প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম হারের শঙ্কায় পড়েছিল তারা। খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে অ্যান্ডি রবার্টসনের লক্ষ্যভেদে সমতা ফেরায় ইয়ুর্গেন ক্লপের দল। এখানেই শেষ নয়, ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে সাদিও মানের হেডে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।
১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো লিভারপুল। তাদের সঙ্গে ব্যবধান আগের মতো ৬ পয়েন্টে ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি (২৫)। সাউদাম্পটনের বিপক্ষে মৌসুমের তৃতীয় হারের শঙ্কায় পড়েছিল তারাও। তবে শেষ দিকে সের্হিয়ো আগুয়েরো ও কাইল ওয়াকারের লক্ষ্যভেদে ২-১ গোলে জিতেছে সিটিজেনরা।
বোর্নমাউথের মাঠ ভিটালিটি স্টেডিয়ামে বৃষ্টি ভেজা ম্যাচে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব ধরনের প্রতিযোগিতায় চার ম্যাচ পর হারলো উলা গুনার সুলশারের দল। বিরতির ঠিক আগে জোশুয়া কিংয়ের একমাত্র গোলে তাদের হতাশ করে বোর্নমাউথ।
এই জয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে গেছে বোর্নমাউথ। আর ১৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ম্যানইউ।
উলভারহ্যাম্পটনসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের গোলে তারা এগিয়ে যায়। তবে ৭০ মিনিটে রাউল হিমেনেসের গোল তাদের রুখে দেয়। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে গানাররা।