বিশ্বকাপের টিকেটপ্রথম রাউন্ড ও নক অাউট পর্ব শেষ করে এখন বিশ্বকাপ উপস্থিত শেষ অাটের লড়াইয়ে। এই লড়াইয়ে ব্রাজিল, অার্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডসের মতো দলগুলো থাকায় উত্তেজনার পারদ চড়েছে একটু বেশিই। ফলে এসব খেলা দেখার জন্য এখন উদগ্রীব হয়ে অাছেন দর্শকরা। অার তারই সুযোগ নিচ্ছেন কিছু অসাধু ব্যক্তি। তাই বিশ্বকাপের টিকেটের কালোবাজারি রুখতে অারও কঠোর হয়েছে ব্রাজিল সরকার। ইতোমধ্যে অবৈধভাবে টিকেট বিক্রি করার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে ব্রাজিল পুলিশ। সেইসঙ্গে অভিযান চালিয়ে তারা ভেঙে দিয়েছে টিকেট কালোবাজারির সঙ্গে যুক্ত অান্তর্জাতিক চক্রের তৎপরতাও। পুলিশ বলছে, ওই অান্তর্জাতিক চক্র এমন প্রতি টুর্নামেন্ট থেকে টিকেট কালোবাজারি করে কমপক্ষে ৯ কোটি ডলার হাতিয়ে নেয়। গত চারটি বিশ্বকাপ ধরে এই চক্র টিকেট কালোবাজারি করে অাসছে। ব্রাজিল পুলিশ জানায়, ওই চক্রের বিরুদ্ধে অভিযানকালে তারা বেশ কিছু টিকেটও জব্দ করেছে। এসব টিকেট টুর্নামেন্টের বিভিন্ন অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্রাজিল দলের কিছু কর্মকর্তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেগুলো নিজেদের জন্য ব্যবহার না করে ওই চক্রের কাছে বিক্রি করে দিয়েছে। এসব টিকেটের একটি বড় অংশ এই চক্র ইতোমধ্যেই বিক্রি করে দিয়েছে বলে ধারনা পুলিশের। পুলিশ বলছে, এই চক্রের হোতা একজন প্রভাবশালী অালজেরীয় নাগরিক। ফিফা কর্মকর্তাদের জন্য নির্ধারিত স্থানে তার রয়েছে অবাধ যাতায়াত। ফ্যাবিও বারুককি নামে পুলিশের এক তদন্ত কর্মকর্তা জানান, অামাদের কাছে যে তথ্য অাছে তাতে মনে করা হচ্ছে ফিফার কোনও কর্মকর্তার সঙ্গে ওই অালজেরীয় নাগরিকের সখ্যতা অাছে। তার সহায়তাতেই এই চক্র দীর্ঘদিন কালোবাজারি করে অাসছিল।