যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

আক্রমন-পাল্টাআক্রমনে উত্তেজনাপূর্ণ খেলার নির্ধারিত সময় গোলশূন্য কাটলেও অতিরিক্ত সময়ে করা ২ গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম। ১ গোল পরিশোধ করে যুক্তরাষ্ট্র সমতা ফেরানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয় তাদের। চীনের দেয়াল হয়ে গোলমুখে দাঁড়ানো যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ডের দেওয়াল ভাঙতে বেলজিয়ামকে অপেক্ষা করতে হয় অতিরিক্ত সময় পর্যন্ত। অতিরিক্ত সময়ের ৩ মিনিটেই গোল করে দলকে ১-০তে এগিয়ে নেন ডি ব্রুইন। এরপর বদলি খেলোয়াড় লুকাকুর গোলে ২-০ তে এগিয়ে যায় বেলজিয়াম। ১০৮ মিনিটে একটি গোল শোধ করে খেলায় উত্তেজনা ফিরিয়ে আনে যুক্তরাষ্ট্র। বদলি খেলোয়াড় জুলিয়ান গ্রিনের গোলে ব্যবধান কমায় যুক্তরাষ্ট্র। তারপর খেলায় সমতা ফেরানোর জন্য বারবার আক্রমণ করে গোলের সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি যুক্তরাষ্ট্র। আরেনা ফন্তে নোভা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে যুক্তরাষ্ট্রের উপর চড়াও হয়ে খেলেছে বেলজিয়াম। খেলার ২৩ মিনিটে মধ্য মাঠ থেকে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন বেলজিয়ামের মিডফিল্ডার মারুয়ান ফেলাইনি। যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ড এগিয়ে এলে ফাঁকা পেয়েও তার শট পোস্ট ঘেসে চলে যায় মাঠের বাইরে। বেলজিয়ামের অ্যাটাকের বিপরীতে কাউন্টার অ্যাটাকের কৌশলই বেছে নেয় যুক্তরাষ্ট্র। কিন্তু বেলজিয়ামের রক্ষণ ভেঙ্গে গোল করতে পারেননি তারা। গোলশূন্য শেষ হয় খেলার প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভালো একটি সুযোগ পেয়েছে বেলজিয়াম। ৪৭ মিনিটে ডানপ্রান্ত দিয়ে ব্রুইনের ক্রসে দ্রিস মের্তেনসের হেড ক্রস বার ছুঁয়ে মাঠের বাইরে চলে যায়। এরপর আরও কয়েকটি গোলের সুযোগ পেলেও দুর্দান্ত খেলা যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ডের দৃঢ়তায় গোল বঞ্চিত হয় বেলজিয়াম। তার কল্যাণেই অন্তত ডজনখানেক গোল হজমের হাত থেকে রক্ষা পায় যুক্তরাষ্ট্র। নির্ধারিত সময় গোল না হলে ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে।