বিশ্বকাপের ১ম সেমিফাইনালের প্রথমার্ধেই জার্মানির বিপক্ষে ৫ গোল হজম করেছে ব্রাজিল। এরপর দ্বিতীয়ার্ধে আরও ২ গোল ব্রাজিলের জালে! শেষদিকে কোনওমতে শোধ করে একটি। ফল জার্মানি ৭ ব্রাজিল ১। এই ফলাফলে স্বাগতিক ব্রাজিলের এবং দেশটির বিশ্বব্যাপী কোটি ভক্তের হেক্সা জয়ের স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেল। ফুটবল পাগল ব্রাজিলের জন্য এটা চরম নিষ্ঠুরতাই। অথচ বিশ্বকাপের সেমিফাইনালে প্রতিপক্ষের জালে সর্বশেষ পাঁচ গোল দিয়েছিল এই ব্রাজিল। নিয়তির কি নির্মম পরিহাস এবার সেই ব্রাজিলকেই খেলার প্রথম আধা ঘণ্টারও কম সময়ে হজম করতে হল পাঁচ গোল। পেলের ব্রাজিল ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে কীর্তি গড়েছিল প্রতিপক্ষের জালে ৫ বার বল পাঠানোর। সেবার ফ্রান্সকে ৫-২ গোলে হারিয়েছিল সেলেসাওরা। এবার উল্টো নিজেদের বিরুদ্ধে আরও নির্মম ঘটনা প্রত্যক্ষ করলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার বেলো হরিজন্তের এস্টাডিও মিনেইরো স্টেডিয়ামে ঘরের মাঠের বিশ্বকাপে জার্মানির রূপকথার ওই বিজয়ে ব্রাজিলের বুকে জার্মান গোলের শেলগুলো বিঁধিয়েছেন টনি ক্রুস, থমাস মুলার, মিরোস্লাভ ক্লোসা ও সামি খেদিরা। খেলার ১১ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় জার্মানরা। এরপর ২৩ মিনিটে দ্বিতীয় গোল হজম করে ব্রাজিল। এরপর সাত মিনিটে আরও তিন গোল হজম করে ব্রাজিল। প্রথমার্ধের পাঁচের সঙ্গে দ্বিতীয়ার্ধে হজম করে আরও ২ গোল। শেষদিকে ব্রাজিলের অস্কার ১টি গোল শোধ করেন।