ব্রাজিলের তারকা রোনলদোর রেকর্ড ভাঙ্গার ঘোষণা দিয়ে বিশ্বকাপে খেলতে এসেছিলেন জার্মানির গোল মেশিন মিরোস্লাভ ক্লোসা। আর ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে গোল করেই রোনালদোকে ছাড়িয়ে গেলেন ক্লোসা। স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ২৩ মিনিটে গোল করে এককভাবে বিশ্বকাপে সবোর্চ্চ গোলের (১৬) নতুন রেকর্ড করলেন তিনি। সর্বোচ্চ গোলের সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে ক্লোসার সামনে। এবারের বিশ্বকাপের ফাইনালেও গোল পেলে এ সংখ্যা আরও বাড়বে। ১৯৯৮ থেকে ২০০৬ পর্যন্ত টানা তিন বিশ্বকাপে ১৯ ম্যাচে ১৫ গোল করে সর্বোচ্চ গোলের রেকর্ড করেছিলেন রোনালদো। গত বিশ্বকাপ পর্যন্ত ক্লোসার গোলের সংখ্যা ছিল ১৪টি। ওই ১৪টি গোলের মধ্যে ২০০২ বিশ্বকাপে ৫টি, ২০০৬ বিশ্বকাপে ৫টি এবং ২০১০ বিশ্বকাপে ৪টি গোল করেন। গত বিশ্বকাপেই জার্মান কিংবদন্তি গার্ড মুলারকে স্পর্শ করেন তিনি। এই বিশ্বকাপে ২১ জুন ঘানার বিপক্ষে গোল করে রোনালদোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেন ক্লোসা। সেমিফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে গোল করে সবোর্চ্চ গোলের কৃতিত্ব একান্তই নিজের করে নিলেন তিনি। এছাড়া ক্লোসা বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় খেলোয়াড় যিনি চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করলেন। বিশ্বকাপের ২৩ খেলায় অংশ নিয়ে সর্বাধিক ম্যাচ খেলার তালিকায়ও তৃতীয় তিনি। ১৩৫টি খেলায় ৭১ গোল করে জার্মানির শীর্ষ গোলদাতা ক্লোসা। যেসব খেলায় ক্লোসা গোল করেছেন সে খেলায় কখনও হারেনি জার্মানি।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতারা নাম
গোল মিরোস্লাভ ক্লোসা | ১৬ |
রোনালদো | ১৫ |
গার্ড মুলার | ১৪ |
জা ফঁতে | ১৩ |
পেলে | ১২ |
সান্দোর | ১১ |
ক্লিন্সম্যান | ১১ |
হেলমুট রান | ১০ |
গ্যারী লিনেকার | ১০ |
বাতিস্তুতা | ১০ |