আজ (শুক্রবার) আর্তেতাকে কোচ করার বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল। নভেম্বরে বরখাস্ত হওয়া উনাই এমেরির চেয়ারে বসতে যাচ্ছেন সাবেক মিডফিল্ডার। সাড়ে তিন বছরের চুক্তিতে এমিরেটস স্টেডিয়ামে ফিরলেন তিনি নতুন ভূমিকায়। ১৭ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা আর্সেনালকে পথে ফেরানোই আর্তেতার মূল চ্যালেঞ্জ।
ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সহকারীর দায়িত্ব সামলে নিজেকে পরিণত করেছেন ৩৭ বছর বয়সী স্প্যানিয়ার্ড। খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে ২০১৬ সাল থেকে তিনি কাজ করেছেন গার্দিওয়ালার সঙ্গে।এবার নতুন মিশন শুরু করতে যাচ্ছেন আর্সেনালের প্রধান কোচের দায়িত্ব নিয়ে।
বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় গড়ে ওঠা আর্তেতা ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত কাটিয়েছেন আর্সেনালে। পাঁচ বছর গানারদের জার্সি গায়ে জড়িয়েছেন।এমিরেটসে নতুন চ্যালেঞ্জের শুরুতে তিনি বেশ রোমাঞ্চিত, ‘এটা বিশাল সম্মানের। আর্সেনাল বিশ্বের অন্যতম বড় ক্লাব। আমাদের শিরোপার জন্য লড়াই করতে হবে। আর সেই জন্যই আমার আসা।’
পুরনো ক্লাবে নতুন দায়িত্বে ফিরে অবশ্য আবেগের স্রোতে ভাসছেন না আর্তেতা, ‘আমরা সবাই জানি অনেক কাজ করতে হবে, যদিও আমার বিশ্বাস, করতে পারব। আমি ভালো করেই জানি রাতারাতি সব হবে না। তবে এখনকার স্কোয়াডে অনেক ভালো মানের খেলোয়াড় আছে, তাছাড়া পাইপলাইনেও আছে একাডেমির অনেক তরুণ খেলোয়াড়।’
আর্তেতার কোচিং স্টাফে কারা থাকছেন, সেটা অবশ্য এখনও জানায়নি আর্সেনাল কর্তৃপক্ষ। সাবেক খেলোয়াড়কে নিয়োগ দেওয়ার ঘোষণার সঙ্গে তারা জানিয়েছে, শিগগিরই সাপোর্ট স্টাফ চূড়ান্ত করা হবে।
দীর্ঘ ২২ বছর আর্সেনালের কোচের দায়িত্ব সামলানো আর্সেন ওয়েঙ্গার ২০১৮ সালে সরে দাঁড়ান। তার উত্তরসূরি হিসেবে নিয়োগ দেওয়া হয় এমেরিকে। যদিও ফরাসি কোচের ছেড়ে যাওয়া চেয়ারের উত্তাপ নিতে পারেননি এমেরি। দেড় বছরের মাথায় বরখাস্ত হন স্প্যানিশ কোচ।তারই জায়গায় আর্সেনাল ফিরিয়ে আনলো তাদের পুরনো যোদ্ধাকে।