শুক্রবার আর্সেনাল প্রধান কোচ হিসেবে ঘোষণা করেছে আর্তেতার নাম। দেড় বছর ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার সহকারীর দায়িত্ব সামলে পাওয়া অভিজ্ঞতা দিয়ে নতুন মিশনে নামতে যাচ্ছেন তিনি। এই অবস্থায় ঝামেলায় পড়েছেন মূলত গার্দিওলা। এতদিন যাকে সঙ্গে নিয়ে দলের কৌশল সাজিয়েছেন, তার অভাব বোধ করাটা স্বাভাবিক। যদিও আর্তেতার রেখে যাওয়া জায়গা ফাঁকা রেখেই চলতি মৌসুম শেষ করতে চান ম্যান সিটি বস।
আর্তেতা না থাকায় বাড়তি দায়িত্ব নিতে হবে আরেক সহকারী রডোলফো বোরেলকে। এমনিতেই ২০১৯-২০ প্রিমিয়ার লিগ মৌসুম ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নদের। এর ওপর কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়ে নতুন চ্যালেঞ্জ গার্দিওলার সামনে। সাবেক বার্সেলোনা কোচ অবশ্য বর্তমান স্টাফদের নিয়েই সন্তুষ্ট, ‘এখন যারা (কোচিং স্টাফে) আছে, আমরা তাদের নিয়েই থাকব। আমরা অন্য কাউকে যোগ করব না। এখনকার স্টাফদের নিয়েই কাজ করতে পারব।’
ম্যান সিটি খেলোয়াড়দের কাছ থেকে বৃহস্পতিবারই বিদায় নিয়েছিলেন আর্তেতা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে সাড়ে তিন বছরের চুক্তি করার বিষয়টি নিশ্চিত করে আর্সেনাল। সাবেক স্প্যানিশ মিডফিল্ডারকে ঠেকানোর চেষ্টা নিশ্চয় করেছেন গার্দিওলা? ম্যান সিটি কোচ এই বিষয়ে অবশ্য বাস্তববাদী, ‘সে (আর্তেতা) চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনি এটাকে আটকাতে পারবেন না। আপনি আপনার স্বপ্নকেই অনুসরণ করতে চাইবেন। আর্সেনাল তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ।’
সহকর্মীর জন্য শুভকামনাও থাকলো গার্দিওলার, ‘আর্সেনাল ইংল্যান্ডের অন্যতম সেরা দল। আমরা তাকে শুভকামনা জানাচ্ছি। আমি নিশ্চিত সে ভালো কাজ করবে।’