বসুন্ধরাকে নিয়ে শেষ আটে চট্টগ্রাম আবাহনী

ব্রাদার্সকে হারাতে সমস্যা হয়নি চট্টগ্রাম আবাহনীরশেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে রানার্সআপ চট্টগ্রাম আবাহনী ফেডারেশন কাপেও সাফল্য পেতে শুরুটা করেছে জয় দিয়ে। প্রথম ম্যাচ জিতে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মারুফুল হকের দল। রবিবার ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে ২-০ গোলে। ‘বি’ গ্রুপ থেকে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে বসুন্ধরা কিংসেরও। শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। আর টানা দুই ম্যাচ হেরে ফেডারেশন কাপ থেকে বিদায় নিলো ব্রাদার্স।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে চট্টগ্রাম আবাহনীর প্রাধান্য ছিল একচ্ছত্র। বেশ কয়েকটি ধারালো আক্রমণে প্রতিপক্ষকে চেপে ধরে তারা। ১৭ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ এসেছিল। ব্রাজিলের স্ট্রাইকার নিক্সন ব্রিজোলারার বাঁ পায়ের জোরালো শট গোলকিপার তিতুমীর চৌধুরী ফিরিয়ে দেন। একটু পরই উজবেক খেলোয়াড় শুকুর আলির শট গোললাইন থেকে ক্লিয়ার করেন এক ডিফেন্ডার। ২৯ মিনিটে নাইজেরিয়ান চিনেদু ম্যাথিউর ক্রসে রাকিব হোসেনের ভলি পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে।

তবে ৩৪ মিনিটেই সব হতাশা দূর হয়ে যায়। রাকিব হোসেনের ডান প্রান্তিক ক্রসে নিক্সন প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন (১-০)।

বিরতিতে যাওয়ার এক মিনিট আগে ব্যবধান বাড়তেও পারতো। নাইজেরিয়ান মিডফিল্ডার চার্লস দিদিয়েরের ক্রসে রাকিবের শট গোলকিপার ফিরিয়ে দেন।

বিরতির পর অবশ্য ব্রাদার্স কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৭৫ মিনিটে নাইজেরিয়ার এনকোচা কিংসলের ক্রসে উজবেক ভালিজনভ ওতাবেকের হেড পোস্টে লেগে ফেরে।

বরং ৮৩ মিনিটে আরও একটি গোল করে ব্রাদার্সকে ম্যাচ থেকে ছিটকে দেয় আবাহনী। ম্যাথিউ দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপিয়ে দেন।

প্রথম ম্যাচেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত, চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল হকের লক্ষ্য এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, ‘প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি। দল জিতেছে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে। এখন আমাদের গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য। আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে চাই।’

ব্রাদার্স ইউনিয়নের কোচ মহিদুর রহমান মিরাজ ম্যাচ হারের পর বলেছেন, ‘আমি আগেই বলেছি, ফেডারেশন কাপে আমাদের কোনও লক্ষ্য নেই। লিগে ভালো করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই।’