নানা আয়োজনের মুজিববর্ষে জেমি ডের ভাবনা অন্যরকম

নতুন বছরের শুরুতে ফুটবল নিয়ে বাস্তববাদী জেমি ডেনতুন বছর ২০২০ শুরু হয়ে গেছে। ক্রীড়াঙ্গনের জন্য বছরটি অন্যরকম গুরুত্ব নিয়ে আসছে। এ বছরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হবে। তাই ক্রীড়াঙ্গন ব্যস্ত থাকবে নানা আয়োজনে। শুধু ঘরোয়া নয়, আন্তর্জাতিক প্রতিযোগিতা দিয়েও ঠাসা এ বছরের সূচি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) নানা আয়োজনের ডালি সাজিয়েছে। এ বছরই বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল হবে, যে আয়োজনে আর্জেন্টিনার মহাতারকা ডিয়েগো ম্যারাডোনাসহ ফুটবলের আরও দুই বিশ্বতারকার ঢাকায় আসার কথা। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপও হবে ঢাকায়। এ ছাড়া বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের চারটি ম্যাচ রয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বে টিকে থাকাই শুধু নয়, এএফসি এশিয়ান কাপ ফুটবলে জায়গা করে নিতে এই চারটি ম্যাচেই ইতিবাচক ফল দেখাতে হবে জেমি ডের দলকে।

তবে নতুন বছরের শুরুতে ফুটবল নিয়ে বাস্তববাদী জেমি ডে, ‘আমাদের সামনে অনেক কঠিন পরীক্ষা। সবগুলো প্রতিযোগিতাতেই ভালো করতে হবে। কিন্তু এটাও সত্যি যে আমাদের র‌্যাঙ্কিংয়ে ওপরে থাকা দলের সঙ্গে লড়াই করতে হচ্ছে। তাদের সঙ্গে পেরে ওঠা সহজ নয়। যে কারণে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করাটাও কঠিন।’

জেমি ডে বাংলাদেশকে নিয়ে ভাবছেন, ভাবছেন বাংলাদেশের সঙ্গে তার আগামীদিনের সম্পর্ক নিয়েও। তার মেয়াদ আগামী মে মাসে শেষ হবে। এরপর কী হবে তা নিয়ে স্বাভাবিকভাবেই ভাবতে হচ্ছে বাংলাদেশের ইংলিশ ফুটবল কোচকে, ‘পুরো বছরটি নিয়ে চিন্তা করার মাঝে আমার চুক্তির মেয়াদও মাথায় রাখতে হচ্ছে। চুক্তি বাড়ানো হবে কিনা তাতো জানি না। তবে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য।’

একইসঙ্গে অনুষ্ঠানরত বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্ব ছাড়াও অন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা।

মেয়েদের সাফল্যের চাকা কতটা সচল রাখা যাবে, সেটাও দেখার বিষয়। ৬ বছর পর লিগ শুরু হতে যাচ্ছে। মেয়েদের জাতীয় দলের তো খেলাই নেই। এবার কি তা করতে পারবে বাফুফে?

বাফুফে নানা কর্মসূচির মধ্যেই বর্তমান কমিটির ভাগ্য নির্ধারণ হবে আগামী এপ্রিলে। নতুন কমিটির ওপর অনেক কিছু নির্ভর করছে। বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন চতুর্থ মেয়াদে নির্বাচনে নামার ঘোষণা দিয়েছেন আগেই। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আপাতত মাঠে আছেন সাইফ স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তা তরফদার মোহাম্মদ রুহুল আমিন। তবে শেষ পর্যন্ত সভাপতি প্রার্থী হিসেবে নতুন কোনো নাম উঠে এলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

নতুন বছর রোমান সানার জন্য নতুন অর্জনের হাতছানি নিয়ে আসছে। দেশের দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে সরাসরি  অলিম্পিকে (টোকিও ২০২০) খেলার সুযোগ করে নিয়েছেন। সেখানে ভালো কিছু করার স্বপ্নই দেখছেন বাংলাদেশের সেরা তিরন্দাজ, ‘টোকিওতে নিজের সেরা পারফরম্যান্স দেখানোর লক্ষ্য আমার। তবে এটাও ঠিক অলিম্পিক আমার জন্য সহজ হবে না।’

মুজিববর্ষকে সামনে রেখে বাংলাদেশ গেমসও হবে। এছাড়া  অন্য ফেডারেশনগুলোও নানা আয়োজনে সরব থাকবে। হকিতে জুনিয়র এশিয়া কাপ ও চ্যাম্পিয়নস ট্রফি হবে। তবে খেলোয়াড়দের বহুকাঙ্ক্ষিত লিগ হবে কিনা সংশয় থেকে গেছে।

স্কেটিং, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, শুটিং, সাঁতার, বাস্কেটবল, টেবিল টেনিস, টেনিস, বক্সিং ও আর্চারিসহ অন্য খেলাগুলোও এই বছরে কাটাবে ব্যস্ত সময়।