পঁয়তাল্লিশেই চলে গেলেন আজিজি আল আরমান

আজিজি আল আরমানকিছু দিন আগে এএফসি ‘বি’ লাইসেন্স করেছিলেন। স্বপ্ন ছিল বড় স্তরে কোচিং করাবেন। কিন্তু ৪৫ বছর বয়সে থেমে গেল আজিজি আল আরমানের জীবনের চাকা! রবিবার সকালে না ফেরার দেশে চলে গেছেন ঢাকার ফুটবলে পরিচিত এই মুখ। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

জাতীয় দলে কখনও খেলেননি। কিন্তু জাতীয় দলের আশপাশেই বিচরণ ছিল আজিজি আল আরমানের। ঢাকার বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেছেন। ঢাকা আবাহনী ছাড়াও ফরাশগঞ্জ, আরামবাগ ও মুক্তিযোদ্ধা রক্ষণভাগের অতন্দ্র প্রহরী ছিলেন। কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে আর হাসপাতাল থেকে ফিরতে পারেননি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি ।

আজ বিকেলে নারায়ণগঞ্জের জিমখানা মাঠে জানাজা শেষে বিকেলে পাইকপাড়া বড় কবরস্থানে তাকে দাফন করার কথা।

তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতিসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।