পাঁচ মিনিটেই বার্সাকে ‘হ্যাঁ’ বলেছেন সেতিয়েন

বার্সেলোনার নতুন কোচ কিকে সেতিয়েনইয়োহান ক্রুইফের ফুটবল দর্শন তাকে ভীষণ টানে। ‍ফুটবল গোলের খেলা হলেও বল পায়ে রাখাই তার কাছে শেষ কথা। হারাতে বসা তিকি-তাকা ফিরিয়ে আনতে ‘অখ্যাত’ কিকে সেতিয়েনকেই যোগ্য মনে করেছে বার্সেলোনা। যিনি দূর কল্পনাতেও কখনও ভাবেননি কোনওদিন কোচিং করাবেন বিশ্বের অন্যতম সেরা ক্লাবকে। তাই প্রস্তাব পাওয়ার ৫ মিনিটের মধ্যে রাজি হয়ে যান লিওনেল মেসিদের কোচ হওয়ার।  

আনুষ্ঠানিক পরিচয়পর্বে ৬১ বছর বয়সী কোচ একটি বিষয়ের নিশ্চয়তা দিয়ে রেখেছেন, ‘বার্সেলোনা ভালো ফুটবল খেলবে।’ সমর্থকদের জন্য এই বাণীটিই যথেষ্ট। বিদায়ী কোচ আর্নেস্তো ভালভার্দের ছন্দহীন ফুটবলের হতাশা কাটিয়ে ওঠার সম্ভাবনা উঁকি দিচ্ছে তাদের মনে। নতুন করে স্বপ্ন দেখাটা তাই বাড়াবাড়ি নয়।

লাস পালমাস ও রিয়াল বেতিসের সাবেক কোচ সেতিয়েন কিন্তু স্বপ্নেও ভাবেননি বার্সেলোনার কোচ হবেন, ‘ক্লাবকে (বার্সেলোনা) ধন্যবাদ। আমি দূরতম কল্পনাতেও ভাবিনি কখনও এখানে আসবো। এই দিনটি আমার জন্য বিশেষ, আমি কৃতজ্ঞ।’ ২০২২ সাল পর্যন্ত তার চুক্তি। মৌসুমের মাঝপথে স্প্যানিশ চ্যাম্পিয়নদের কাছ থেকে প্রস্তাব আসাটা সেতিয়েনের কাছে বিস্ময়করও বটে। তবে ঘোর কাটিয়ে ‘হ্যাঁ’ বলতে লেগেছিল তার মাত্র ৫ মিনিট, ‘কাল আমি আমার বাড়ির পাশের রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম, আর এখন আমি বিশ্বের সেরা খেলোয়াড়কে কোচিং করাচ্ছি। অবশ্যই প্রস্তাবটি গ্রহণ করতে আমার ৫ মিনিটের বেশি সময় লাগেনি।’

বার্সেলোনা থেকে প্রস্তাব পাওয়ার মুহূর্তটি ভাগভাগি করেছেন সেতিয়েন এভাবে, ‘তাদের ডাক পাওয়াটা আমার কাছে ছিল বিস্ময়কর। কখনও ভাবিনি বার্সেলোনা আমার কথা চিন্তা করবে, কেননা আমার সিভি এতটা ভারি নয়।’ তবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই কিন্তু জানিয়ে রাখলেন, ‘যখন আমি কোনও দলের সঙ্গে যুক্ত হই, তাদের একটি বিষয়ে আমি নিশ্চয়তা দিই- দল ভালো খেলবে।’

বার্সেলোনাদায়িত্বের আড়াই বছরের মাথায় বরখাস্ত হয়েছেন ভালভার্দে। বিদায়ী কোচের প্রশংসা করেছেন বার্সার নতুন বস, ‘ভালভার্দেকে সবসময়ই ভালো লাগে। তার কাজের প্রতি আমার শ্রদ্ধা আছে। তার সঙ্গে আমার আলোচনা হয়েছে, কেননা তার কাজের অনেক কিছুই আমার দরকার পড়তে পারে। একই সঙ্গে দলকে লিগ টেবিলের শীর্ষে রেখে যাওয়ার জন্য তাকে আমি ধন্যবাদ দিচ্ছি।’

পেপ গার্দিওয়ার পর থেকে বার্সেলোনার সব কোচই সাজিয়েছেন মেসিকেন্দ্রিক দল। সেতিয়েনও মেসিভক্ত। প্রতিপক্ষের ডাগআউটে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর খেলা উপভোগ করা স্প্যানিশ কোচ এখন ছাত্র হিসেবে পাচ্ছেন তাকে। আর্জেন্টাইন অধিনায়ক প্রসঙ্গে তার বক্তব্য, ‘এই দলটির খেলা ও খেলোয়াড়দের পারফরম্যান্স উপভোগ করছি অনেক বছর ধরে। বিশ্বের সেরা দলকে কোচিং করানো— এখনও বুঝে উঠতে পারছি না । তার (মেসি) সঙ্গে আমার কথা হয়েছে, অন্যদের সঙ্গেও হয়েছে।’