এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে রাফা বেনিতেজের শিষ্যরা। ম্যাচের ১২ মিনিটে রোনালদোর অ্যাসিস্ট থেকে দুর্দান্ত গোল করে লিড পাইয়ে দেন করিম বেনজেমা। প্রথম গোলের ঠিক ১২ মিনিটের মাথায় রোনালদোর অ্যাসিস্ট থেকে আবারও গোল করে লিড দ্বিগুণ করেন বেনজেমা। এরপর ম্যাচের ৩৯ মিনিটে রোনালদো নিজেই আঘাত করেন মালমোর জালে। মালমোর দেয়া ফাউলে পাওয়া ফ্রি কিকে এক অসাধারণ স্ট্রাইকে দারুণ গোল করে দলকে আরও একবার এগিয়ে নিয়ে যান তিনি। প্রথমার্ধে আরও বেশ কয়েকবার মালমোর জালে আক্রমণ চালালেও আর কোনও গোল না হলে ৩-০ তে এগিয়ে বিরতিতে যায় রিয়াল।
বিরতির পর আরও দুর্দান্ত হয়ে ওঠেন রোনালদো বেনজেমারা। ম্যাচের ৪৭ ও ৫০ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো।৫৮ মিনিটে ফের মালমো রক্ষণে হানা দেন তিনি। দলের ৬ষ্ঠ ও নিজের চতুর্থ গোল আদায় করেন রোনালদো। ম্যাচের ৭০ মিনিটে গোল করেন কোভাচিচ। এর ঠিক চার মিনিট পরই হ্যাটট্রিক করে বেনজেমা।
প্রথম লেগে মালমোর মাঠে আতিথ্য নিয়ে ২-০ গোলে জিতেছিল রোনালদো বাহিনী। ফিরতি লেগেও সুইডিশ ক্লাবটিকে বিধ্বস্ত করল রিয়াল।এই ম্যাচের আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
গ্রুপের অন্য ম্যাচে শাখতার দোনেৎস্ককে ইব্রাহিমোভিচ ও ডি সিলাভর গোলে ২-০ গোলে পরাজিত করেছে প্যারিস সেন্ট জার্মেই।
/এমআর /