পরের কাজটা সহজ ভেবে খুশি মাজিয়া কোচ

দলের খেলোয়াড়দের প্রশংসা করছেন মাজিয়ার কোচ মারিয়ান সেকুলোভস্কিঅ্যাওয়ে ম্যাচ খেলতে এসে যদি এক পয়েন্ট নেওয়া যায়, খারাপ কী? এএফসি কাপে প্রাথমিক পর্বের প্রথম ম্যাচে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব তাই করে দেখালো। দুই দুইবার এগিয়ে থেকেও জয় বঞ্চিত থাকতে হয়েছে তাদের। তারপরেও তারা মালেতে ফিরে যাচ্ছে এক পয়েন্ট ও দুটি অ্যাওয়ে গোল নিয়ে। যা নিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি তাদের মাঠে গিয়ে খেলবে আবাহনী। ড্রয়ের পর মাজিয়ার মেসেডোনিয়ান কোচ মারিয়ান সেকুলোভস্কিকে খুশিই মনে হলো। নিজ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন তিনি।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুধবার আবাহনীর খেলা দেখে মনে হয়েছে তারা মালেতে ম্যাচ খেলছে! বরং মাজিয়ার কাছে মনে হয়েছে এই মাঠটি তাদের বেশ চেনা। সেকুলোভস্কির কণ্ঠে তার খেলোয়াড়দের প্রশংসা, ‘আমার খেলোয়াড়েরা ভালো খেলেছে। তাদের প্রশংসা করতেই হয়। আজ আরও গোল পেতে পারতাম। কিন্তু সুযোগ নষ্ট হয়েছে। দুর্ভাগ্য যে গোল ব্যবধান বাড়েনি। তা নাহলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতাম।’

প্রাথমিক পর্বের প্রথম ম্যাচ ড্রয়ে শেষ হয়েছে। এখন মালেতে নিজেদের মাঠে বাকি কাজটা সারতে চায় মাজিয়া। কোচ ফুরফুরে মেজাজেই তাকাচ্ছেন সামনের দিকে, ‘আমরা প্রাথমিক পর্বের প্রথম ধাপ শেষ করেছি। এখন মালেতে গিয়ে শেষ ধাপটায় ভালো করেই শেষ করতে চাই। নিজেদের কাজটি ঠিকমতো করতে পারলে আমরা পরের পর্বে জায়গা করে নিতে পারবো।’

মাজিয়া স্ট্রাইকার করনেলিউস এসেকিয়েল নিজের পারফরম্যান্সে খুশি, ‘আমরা আরও গোল পেতে পারতাম। তা হয়নি। আমি নিজের খেলাতে সন্তুষ্ট। এখন মালেতে আরও ভালো খেলতে হবে।’