বার্সায় ফিরতে ক্ষমা চাইতে হবে নেইমারকে!

নেইমার‘মেসিকে সাহায্য করার জন্য আমি এসেছি’— বার্সেলোনায় নাম লিখিয়ে বলেছিলেন নেইমার। অথচ সেই মেসির ছায়া থেকে বেরোতেই বার্সেলোনা ছেড়ে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড!

কী ভুল করেছেন, সেটি বুঝতে খুব একটা সময় লাগেনি নেইমারের। তার প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দেওয়ার পর থেকেই প্যারিস ছাড়ার ‍গুঞ্জন উড়তে থাকে। বার্সেলোনার কাছে কয়েক দফা আর্জিও জানান ‘আমাকে ফিরিয়ে নাও’। গত বছরের গ্রীষ্মে পুরোনো সৈন্যকে ঘরে ফেরাতে মাঠেও নামে বার্সেলোনা। কিন্তু হয়নি, পিএসজির শর্ত পূরণ করে নেইমারকে ফেরাতে পারেনি তারা।

তাই বলে আলোচনা-সম্ভাবনা শেষ হয়ে যায়নি। সামনের গ্রীষ্মের দলবদলে নাকি কোমরবেঁধে নামবে কাতালানরা। তবে সেজন্য বার্সেলোনা সহ-সভাপতি জর্ডি মেস্ত্রি কয়েকটি শর্ত বেঁধে দিলেন। ‘ভুল’ তো নেইমার আগেই বুঝতে পেরেছেন, বার্সেলোনায় ফিরতে ক্ষমাও চাইতে হবে তাকে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোতে মেস্ত্রি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘আবেগের জায়গা থেকে যদি বলেন তাহলে বলব, তাকে আমি আনবোই না। তবে খেলার জায়গা থেকে বললে, আনবো। ফিরতে গেলে তাকে কিছু করতে হবে। ক্লাবের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে হবে। ক্ষমা চাইতে হবে। এবং একজন স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে হবে।’ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, শেষ বাক্যে নেইমারের ‘পার্টি-লাইফ’-এর দিকেই আঙুল তুলেছেন বার্সা সহ-সভাপতি।

২০১৭ সালে দলবদলের বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরো চুক্তিতে পিএসজিতে পাড়ি দেন নেইমার। যদিও তার দলবদলের কথা জানতোই না বার্সেলোনা! এতদিন পর বলতে গিয়েও মেস্ত্রির চোখেমুখে বিস্ময়, ‘কেউই জানতো না সে চলে যাবে, কারণ ও কাউকেই কিছু বলেনি। কাউকে না। কিছুদিন যেতে না যেতেই সে কান্নাকাটি শুরু করলো, আর আমাদের বললো সে ফিরতে চায় (বার্সেলোনায়)।’