জাতীয় দলের প্রস্তুতি আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে পারে। শুরুর কয়েকদিন ঢাকায় অনুশীলন হবে। তারপর দল যাবে সিলেটে। কোচ জেমি ডে সেটাই চাইছেন। সিলেট এর জন্য তৈরি। অনুশীলনের জন্য দুটি ভেন্যু তৈরি রাখা হচ্ছে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন সেলিম বলেছেন, ‘সিলেট বিকেএসপি ও আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সের মাঠ তৈরি আছে। বিশেষ করে কমপ্লেক্সের মাঠে এবার দুই কোটি টাকা দিয়ে ঘাস লাগানো হয়েছে। আশা করছি এখানে অনুশীলনের মাঠ কিংবা ভেন্যু নিয়ে কোনও সমস্যা হবে না। বলতে পারেন এখন থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি।’
সিলেটে ফুটবলের জন্য পয়মন্ত ভেন্যু। আন্তর্জাতিক ম্যাচগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্যনীয়। কয়েক বছর আগে তো বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক ম্যাচে মাঠের ভিতরে বসেই দর্শকেরা খেলা দেখেছে। এরপর থেকে অবশ্য আয়োজকদের বেশ সজাগ দৃষ্টি।
সেলিম তাই সতর্ক, ‘নেপাল ও বাংলাদেশ প্রীতি ম্যাচে গ্যালারি ভেঙে পড়েছিল। দর্শক মাঠে চলে এসেছিল। তখন আমরা বুঝতে পারিনি এত দর্শক আসবে। এরপর বঙ্গবন্ধু গোল্ডকাপ ও সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল হয়েছে। তখন সমস্যা হয়নি। এবারও সমস্যা হবে না। আমরা সবরকমের প্রস্তুতি নিয়ে রাখছি। আমাদের এখানে ফুটবল ও ক্রিকেট দুটিতেই দর্শক সমাগম হয়।’