এমবাপ্পের হ্যাটট্রিকে ট্রেবলের হাতছানি পিএসজির

নেইমার ও এমবাপ্পের গোল উদযাপনকাইলিয়ান এমবাপ্পে করলেন হ্যাটট্রিক। ১০ জনের অলিম্পিক লিওঁকে ৫-১ গোলে উড়িয়ে দিলো প্যারিস সেন্ত জার্মেই। ফরাসি কাপ ফাইনালে উঠে ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্নও বাঁচিয়ে রাখলো তারা।

আগামী ৪ এপ্রিল লিগ কাপ ফাইনালে এই লিওঁর মুখোমুখি হবে পিএসজি। ওই ম্যাচের মহড়া হয়ে গেল বুধবার। এমবাপ্পের তিন গোলের সঙ্গে নেইমার ও পাবলো সারাবিয়া জাল খুঁজে পান।

মার্টিন টেরিয়েরের গোলে সবার আগে এগিয়ে গিয়েছিল লিওঁ। ১১ মিনিটে পিছিয়ে পড়ার কিছুক্ষণ পরই পিএসজিকে সমতায় ফেরান এমবাপ্পে। লিওঁ বড় ধাক্কা খায় ৬১ মিনিটে ফের্নান্দো মার্সেল দ্বিতীয় হলুদ কার্ড দেখলে। ১০ জনের দল নিয়ে উড়ে যায় তারা। ১-১ স্কোরে থাকা লিওঁ গোল খায় আরও চারটি।

১১ মার্চ বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফিরতি লেগ। এর আগে দুই তারকা এমবাপ্পে ও নেইমারের পারফরম্যান্সে তুষ্ট কোচ টমাস টুখেল, ‘(নেইমার) খেলতেই হবে। সেরা ফর্মে ফিরতে তার ছন্দ দরকার। স্ট্রাসবোর্গের বিপক্ষে আরও একটি ম্যাচ আছে, এটা তার জন্য ভালো হবে।’

এমবাপ্পেকে চেনা ফর্মে ফিরতে দেখে উচ্ছ্বসিত পিএসজি কোচ, ‘(এমবাপ্পে) ডর্টমুন্ডে কঠিন সময় কেটেছিল। কিন্তু ভিন্ন পজিশনে সে দলকে সবকিছু দিচ্ছে। ডর্টমুন্ড ম্যাচের পর ট্রেনিংয়েও দারুণ করছে সে, অনেক শক্তিশালী। পরিষ্কার বোঝা যাচ্ছে, সে ভালো আছে।’

আগামী ২৫ এপ্রিল কাপ ফাইনালে স্তান্দে রেনেস কিংবা সেইন্ত এতিয়েনের মুখোমুখি হবে পিএসজি। লিগ ওয়ানে ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। তাদের চেয়ে ১৩ পয়েন্ট পেছনে নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্শেই (৫৫)।