দাদা বাড়ি ময়মনসিংহের নান্দাইল গ্রামের প্রায় ৪০০ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামাল। আরও বড় আকারে কিছু করা যায় কিনা সেই চিন্তা থেকে নিজের জার্সি নিলামে ওঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বে ভারতের সঙ্গে ড্র করা ম্যাচের জার্সি নিলামে তোলার পরিকল্পনা তার। এখান থেকে প্রাপ্ত অর্থ অসহায়দের জন্য ব্যয় করবেন তিনি।
দেশের ফুটবল খারাপ সময়ের মধ্যে থাকলেও জামালের নিজের বড় সমর্থকগোষ্ঠী রয়েছে। সেটাই কাজে লাগাতে চাইছেন তিনি, ‘বাংলাদেশের মানুষ আমাকে অনেক দিয়েছে। এখানকার মানুষ আমাকে সবসময় ভালোবেসেছে। এই কঠিন সময়ে আমিও বাংলাদেশকে কিছু দিতে চাই।’
অসহায়দের জন্য মন কাঁদছে এই মিডফিল্ডারের, ‘আমাদের দেশে অনেক বিত্তবান আছেন, আবার অনেকের কাছে খাওয়ার টাকা নেই, ঘর নেই, পরার কাপড় নেই। অনেকেই না খেয়ে আছেন। এটা আদর্শ কোনও অবস্থা নয়।’ সঙ্গে যোগ করেছেন, ‘যাদের টাকা আছে তারাও অনেক পরিশ্রম করে উপার্জন করেছেন। তাদের জন্য আমার সম্মান রয়েছে। আমার অত টাকা নেই, কিন্তু এরপরও অভাবী লোক পাশ দিয়ে হেঁটে গেলে নিজেকে অপরাধী মনে হয়। কারণ আমি তাদের সাহায্য করতে পারতাম।’
নিজের যা সামর্থ আছে, তা নিয়ে এখনই সাহায্য করার ইচ্ছা জামলের, ‘শুধুমাত্র আপনি নিজের পকেটের অবস্থা জানেন। আপনি যা সাহায্য করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। কেউ ঈদের আনন্দ করবে, উপহার কিনবে, ভালো খাবার খাবে, আবার কেউ না খেয়ে থাকবে- এটা ঠিক নয়। আমি সাহায্য করতে পারতাম কিন্তু করিনি- বুড়ো হয়ে এই আফসোস করতে চাই না। আল্লাহ্ সবকিছু দেখছেন এবং জানেন।’