ফিরছে বার্সেলোনা, প্রস্তুত মেসি-সুয়ারেজ

মেসি-সুয়ারেজঅনুশীলনে পাওয়া চোটে শঙ্কা জন্মেছিল লিওনেল মেসিকে নিয়ে। ফিরতে বেশি সময় নেননি, দলীয় অনুশীলনে যোগ দিয়ে বার্সেলোনা ভক্তদের মনে স্বস্তির বাতাস বইয়ে দেওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড মাঠে নামতেও প্রস্তুত। আজ (শনিবার দিবাগত) রাত ২টায় মায়োর্কা ম্যাচ দিয়ে খেলায় ফিরছে বার্সেলোনা। এই ম্যাচে মেসির সঙ্গে তার আক্রমণভাগের সঙ্গী লুইস সুয়ারেজও থাকছেন শুরু থেকে। তবে উরুগুইয়ান স্ট্রাইকারকে পুরো ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নিতে চায় না কাতালানরা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তেমনটাই জানিয়েছেন কোচ কিকে সেতিয়েন। এমনিতেই লম্বা সময় পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা, এর ওপর আবার চোটের কারণে সুয়ারেজ আরও আগে থেকে আছেন মাঠের বাইরে। তাই পুরো ম্যাচ খেলানোর বোঝা চাপিয়ে হিতে বিপরীত কিছু ঘটাতে রাজি নয় বার্সেলোনা।

করোনাভাইরাস পরবর্তী লা লিগা ফিরেছে গত বৃহস্পতিবার। তবে স্প্যানিশ লিগের আসল লড়াই শুরু হচ্ছে আজ থেকে। শিরোপা প্রত্যাশী বার্সেলোনা তাদের পয়েন্ট ব্যবধান আরও বাড়াতে মায়োর্কার মাঠে আতিথ্য নেবে। রেলিগেশন শঙ্কায় থাকা মায়োর্কার বিপক্ষে জিতলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে আরও এগিয়ে যাবে। এই মুহূর্তে ২ পয়েন্টে এগিয়ে আছে কাতালানরা। যেহেতু রবিবারের আগে রিয়াল মাঠে নামছে না, তাই জয় দিয়ে ফেরাটা রাঙাতে পারলে ব্যবধান নিয়ে যেতে পারবে ৫ পয়েন্টে।

কিন্তু মায়োর্কা ম্যাচের আগে সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল মেসিকে নিয়ে। অনুশীলনে পায়ে ব্যথা অনুভব করায় ফেরার ম্যাচে তিনি থাকতে পারবেন কিনা, তা নিয়ে ছিল সংশয়। যদিও তার দ্রুতই অনুশীলনে ফেরার দৃশ্যে আশার পালে হাওয়া লাগতে থাকে। আর ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ সেতিয়েন তো নিশ্চিতই করে দিলেন ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত মেসি।

‘সে (মেসি) খেলতে প্রস্তুত, ও পুরোপুরি ঠিক আছে। অনুশীলন ভালোভাবে করেছে, কোনও সমস্যা নেই।’- মায়োর্কা ম্যাচে মেসির খেলা প্রসঙ্গে বলেছেন বার্সেলোনা কোচ। দলের সেরা খেলোয়াড়ের প্রস্তুতি নিয়ে সেতিয়েনের বক্তব্য, ‘মেসি এবং আরও অনেক খেলোয়াড় আছে, যারা নিজেদের ব্যাপারে খুব ভালো করে জানে। তারা জানে প্রয়োজন পড়লে কিভাবে শক্তি সঞ্চার করতে হয়। লম্বা বিরতির পর দেখা যাক কী হয়। আশা করছি খেলতে খেলতে ভালো হবে।’

চোটে ২০১৯-২০ মৌসুম একরকম শেষই হয়ে গিয়েছিল সুয়ারেজের। কিন্তু করোনার কারণে ইউরোপিয়ান ফুটবল বন্ধ হয়ে যাওয়ায় লাভ হয়েছে উরুগুইয়ান স্ট্রাইকারের। ফেরার ম্যাচেই নামছেন তিনি। তবে প্রায় পাঁচ মাস মাঠের বাইরে কাটানোয় তাকে পুরো ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নিচ্ছে না বার্সেলোনা।

সেতিয়েন জানালেন তেমনটাই, ‘নিশ্চিতভাবেই সুয়ারেজ শুরু থেকে খেলছে, তবে ৯০ মিনিট খেলবে না। পাঁচ মাস পর আমরা কোনও ঝুঁকি নিতে পারি না। আগের মতো এবারও তার সময় প্রয়োজন।’