ফুটবলারের মায়ের চিকিৎসায় এক লাখ টাকা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ফুটবলার বাঁধনের হাতে চেক তুলে দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলদেশের উদীয়মান ফুটবলার জাহিদ আহসান বাঁধনের মায়ের চিকিৎসায় এগিয়ে এসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বাঁধনের হাতে চিকিৎসার জন্য তুলে দিয়েছেন এক লাখ টাকা।

জাতীয় বয়সভিত্তিক ফুটবলে খেলা বাঁধনের মায়ের দুটি কিডনিই প্রায় অকেজো। খবরটা জানতে পেরে আজ (মঙ্গলবার) সচিবালয়ে তরুণ ফুটবলারের হাতে চেক তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমরা সবসময় অসহায় ক্রীড়াবিদ ও তাদের পরিবারের পাশে আছি। করোনাতে অসহায় ক্রীড়াবিদদের জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’

বাঁধন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এভাবে, ‘যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ। আমাদের পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য। এভাবে যদি সবাই আমাদের পাশে এসে দাঁড়ায়, তাহলে আমার মাকে সুস্থ করে তুলতে পারব।’