ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকার তিনি। বুন্দেসলিগায় তার গোলের রেকর্ডই তার প্রমাণ। এবারের মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে জার্মান লিগে টানা ১১ ম্যাচে করেছেন লক্ষ্যভেদ। তছাড়া এবারের প্রতিযোগিতায় খেলা সব দলের বিপক্ষে গোল করার অনন্য রেকর্ডও গড়েছেন পোলিশ স্ট্রাইকার। সবশেষ ফর্চুনার বিপক্ষে গোল করে এই চক্র পূরণ করেন তিনি।
বায়ার্নকে লিগ জেতানোর পথে এবারের মৌসুমে লেভানদোভস্কির গোল সংখ্যা ৩৩, আছেন সবার ওপরে। বুন্দেসলিগার সবশেষ পাঁচ মৌসুমের চারটিতেই সর্বোচ্চ গোলদাতা তিনি। তারই পুরস্কার হিসেবে ২০১৯-২০ বুন্দেসলিগা মৌসুমের সেরা খেলোয়াড় হয়েছেন এই স্ট্রাইকার।
পুরস্কারটি জেতার পথে তিনি পেছনে ফেলেছেন বরুসিয়া ডর্টমুন্ড উইঙ্গার জেডন শানচো ও বেয়ার লেভারকুসেনের কাই হেভার্টসকে। লেভানদোভস্কি পেয়েছেন ৫০ শতাংশ ভোট।
পোলিশ তারকার দুর্দান্ত পারফরম্যান্সে লিগ জেতার সঙ্গে বায়ার্ন উঠে আছে জার্মান কাপের ফাইনালে। চ্যাম্পিয়নস লিগেও টিকে থাকায় ট্রেবল জেতার সম্ভাবনাও আছে তাদের।