জুভেন্টাসের বাকি আছে আর এক ম্যাচ। খেলবে পঞ্চম স্থানে থাকা রোমার বিপক্ষে। ওই ম্যাচে ৩১ গোল করা রোনালদোকে করতে হবে আরও অন্তত ৪ গোল। তবে সেটা নির্ভর করছে লাৎসিও তারকা চিরো ইমোবিল শেষ ম্যাচে কয় গোল করেন। কেননা ৩৫ গোল করে ইতিমধ্যে গোল্ডেন বুট জয়ের সুবাস পাচ্ছেন ইতালিয়ান স্ট্রাইকার।
এতদিন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি (৩৪ গোল) ছিলেন ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতা। ইমোবিল তাকে ছাড়িয়ে গেছেন। এখনও খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে রোনালদোই ছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী। কিন্তু কালিয়ারির মাঠে কোনও গোল করতে না পারায় ধাক্কা লেগেছে তার গোল্ডের বুট জেতার আশায়।
হ্যাঁ, রোনালদোর পক্ষে এক ম্যাচে ৪ গোল করা অসম্ভব নয়। ক্যারিয়ারে বেশ কয়েকবার আছে এই অর্জন। কিন্তু রোমার বিপক্ষে এত গোল করাটা সহজ ব্যাপার নয়। তাছাড়া দুর্দান্ত ফর্মে থাকা ইমোবিল যে তার শেষ ম্যাচে গোলসংখ্যা আরও বাড়িয়ে নেবেন না, সেটা কে জানে। তবে খেলোয়াড়টি রোনালদো বলেই একেবারে ইতি টেনে দেওয়ার সুযোগ নেই।
চ্যাম্পিয়ন হিসেবে প্রথম ম্যাচ খেলতে নামা জুভেন্টাসের জন্য এমন ধাক্কা আসছে, তাও আবার পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে থাকা কালিয়ারির বিপক্ষে, সেটা মোটেও আঁচ করা যায়নি। অথচ প্রথমার্ধেই স্বাগতিকরা জুভেন্টাসের জালে বল জড়ায় দুইবার। ম্যাচের অষ্টম মিনিটে কালিয়ারিকে এগিয়ে নেন লুকা গাগলিয়ানো। এরপর বিরতিতে যাওয়ার আগমুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন জিওভানি সিমিওনি।
রোনালদোর বেশ কয়েকবার স্বাগতিকদের রক্ষণ কাঁপালেও রক্ষণব্যুহ ভাঙতে পারেননি। তাতে জুভেন্টাসও পায়নি গোলের দেখা।