প্রিমিয়ার লিগের শিরোপা নিষ্পত্তি হতে এখনও অনেক দেরি, এরপরও ম্যানচেস্টার সিটির বিপক্ষে আর্সেনালের আজকের ম্যাচটি গড়ে দিতে পারে শিরোপার পথ। পয়েন্ট টেবিলের দুই ও তিন নম্বরে থাকা এই দুই ক্লাবেরই বেশি সম্ভাবনা প্রিমিয়ার লিগের শিরোপা জেতার।
লিস্টার সিটি প্রিমিয়ার লিগের শীর্ষে থাকলেও মৌসুমের বাকি অংশে তারা চলতি ফর্ম ধরে রাখতে পারবে কি না, সেটা নিয়ে সংশয় রয়েছে যথেষ্ট। ফলে শিরোপার দৌড়ে ফেভারিট ধরা হচ্ছে আর্সেনাল ও ম্যানসিটিকে। তবে অত কথা শুনতে নারাজ সিটি কোচ মানুয়েল পেলেগ্রিনি। তিনি বলেন, এটা কোনওভাবেই নিষ্পত্তিমূলক ম্যাচ নয়, এরপর আমাদের খেলতে হবে আরও ২১টি ম্যাচ। লিস্টারকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে, ম্যানইউ আমাদের চেয়ে মাত্র কয়েক পয়েন্ট পেছনে। শিরোপা-দৌড়ে দুই দল রয়েছে, এমন ভাবাটা অসম্ভব।
এই ম্যাচে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন ম্যানসিটিরর ডেভিড সিলভা ও সার্জিও আগুয়েরো। আর্সেনালও ফিরে যাচ্ছে অ্যালেক্সিস সানচেজকে। আর্সেনাল নিজেদের সর্বশেষ পাঁচ খেলায় অবশ্য কোনও ম্যাচেই হারেনি। চার জয়ের বিপরীতে ড্র করেছে একটিতে। অন্যদিকে ম্যানসিটি চার জয়ের বিপরীতে হেরেছে একটিতে। দু’দলের সর্বশেষ পাঁচবারের সাক্ষাতে আর্সেনাল জিতেছে দুটিতে আর ম্যানসিটি জিতেছে একটিতে। বাকি দুটি ম্যাচ ড্র হয়।
/এমআর/