মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আরও বিপদে আর্থার

আর্থারজুভেন্টাস সমর্থকরা নিশ্চয় এখন দেয়ালে মাথা ঠুকছেন। ভাবছেন, এ কাকে নিয়ে এলো ক্লাব! বিতর্কিত কর্মকাণ্ডে বেশ কয়েকবার শিরোনাম হয়েছেন আর্থার মেলো। যার সবশেষটি আরও গুরুতর। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এই ব্রাজিলিয়ান। গত জুনে বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে জুভেন্টাস।

মিরালেম পিয়ানিচের সঙ্গে আরও ১২ মিলিয়ন ইউরো যোগ করে আর্থারকে নিয়ে এসেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। মাঝমাঠের শক্তি বাড়াতে সম্ভাবনাময় ব্রাজিলিয়ান তরুণকে কিনলেও দলে যোগ দেওয়ার আগেই এলেন বিতর্কিত শিরোনামে।

গত বছরের ডিসেম্বরে স্নোবোর্ডিংয়ে গিয়ে ইনজুরির শিকার হয়ে তোপের মুখে পড়েছিলেন আর্থার। এ বছরের ফেব্রুয়ারিতে আরও বড় বিতর্কের জন্ম দেন তিনি নেইমারের জন্মদিন অনুষ্ঠানে যোগ দিয়ে। কোপা দেল রে’তে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র দুই দিন আগে প্যারিসে উড়ে গিয়েছিলেন ২৪ বছর বয়সী মিডফিল্ডার। এরপর কয়েকদিন আগে বার্সেলোনার বাধ্যতামূলক পিসিআর পরীক্ষা করাতে অস্বীকৃতি জানালে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন আর্থার।

এবার ষোলকলা পূর্ণ করেছেন মদ্যপ অবস্থায় গাড়িয়ে চালিয়ে। ঘটনাটা আজ (সোমবার) ভোরে। কাতালান সংবাদমাধ্যম দিয়ারি দে জিরোনার খবর, ভোর ৪টার দিকে দুর্ঘনার শিকার হয় আর্থারের ফেরারি। আর্থার নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পরে অ্যালকোহল পরীক্ষায় ‘পজিটিভ’ এসেছেন এই ব্রাজিলিয়ান।

কাতালান সংবাদমাধ্যমটির খবর, জিরোনা অঞ্চলের পালাফ্রুগেল এলাকায় আর্থারের ফেরারি ফুটপাতে উঠে গিয়ে আঘাত করে ল্যাম্প পোস্টে। এতে গাড়ির হেডলাইট ক্ষতিগ্রস্ত হয়, যদিও আর্থার তেমন কিছু হয়নি।

গত জুনে জুভেন্টাসে নাম লেখালেও চলতি মৌসুম শেষে ব্রাজিলিয়ান মিডফিল্ডার যোগ দেবেন তুরিনের ক্লাবটিতে। সেখানে যাওয়ার আগেই তার ড্রাইভিং লাইলেন্স বাতিল হতে পারে। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে শাস্তি হিসেবে ছয় থেকে এক বছরের জন্য রদ করা হয় ড্রাইভিং লাইলেন্স। সেটা হলে আর্থারকে জুভেন্টাসের অনুশীলন গ্রাউন্ডে যেতে হবে ট্যাক্সি করে!