বার্সেলোনা ছাড়ার কোনও ইচ্ছা নেই সুয়ারেসের। কিকে সেতিয়েনের জায়গায় দায়িত্ব নেওয়া রোলান্ড কোম্যানের অধীনে নিজের সেরাটা দেওয়া লক্ষ্য সাবেক লিভারপুল স্ট্রাইকারের। কিন্তু স্প্যানিশ মিডিয়ার যে খবর, তাতে ন্যু ক্যাম্পে টিকে গেলেও কোম্যানের দলের একাদশে জায়গা হারাতে পারেন সুয়ারেজ। যদি সেটা হয়ও, উরুগুইয়ান তারকা কোনও সমস্যা নেই। বার্সেলোনার বেঞ্চে বসে থাকতেও তিনি রাজি।
বেঞ্চে থাকা প্রসঙ্গে এল পারিসকে সুয়ারেজ বলেছেন, ‘আমার গোটা ক্যারিয়ারেই আমি বদলি হিসেবে থাকতে রাজি হয়েছি। আরও একবার সেটা করতে আমার কোনও অসুবিধা নেই। স্বাস্থ্যকর প্রতিযোগিতা অবশ্যই ভালো ব্যাপার। যদি কোচ মনে করেন আমার বেঞ্চে থাকা উচিত, তাহলে আমার কোনও সমস্যা নেই।’
স্প্যানিশ মিডিয়ায় সুয়ারেজকে বিক্রি করা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে উরুগুইয়ান স্ট্রাইকার নিজে বলছেন, ‘ক্লাবের কেউই আমাকে বলেনি যে তারা আমার কাজে অসন্তুষ্ট। আমি সবসময় দলের জন্য নিজের সেরাটা দিতে চাই এবং ভবিষ্যতেও ইচ্ছাটা একই থাকবে আমার।’
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা। সমর্থকরাই ধুয়ে দিচ্ছেন ক্লাব ও খেলোয়াড়দের। সুয়ারেজ সবার ক্ষোভের কারণ বুঝতে পারছেন। খেলোয়াড় পরিবর্তনের যে বাতাস বইছে, সেটাও অনুভব করছেন। তবে পরিস্থিতি ঠাণ্ডা হলে যে দৃশ্যপট আবার পাল্টে যাবে, তার উদাহরণ তিনি দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে দিয়ে, ‘কোনও কিছুর সঙ্গে আমি তুলনা করতে চাই না। তবে আমার মনে আছে রিয়াল মাদ্রিদের কথা, যেবার তাদের চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় করে দিয়েছিল আয়াক্স। ওই সময় বলা হয়েছিল (টোনি) ক্রুস শেষ, তারা (লুকা) মদরিচকে অবসরে পাঠিয়ে দিতে চেয়েছিল। তারা বলেছিল (সের্হিয়ো) রামোস জঘন্য...।’
সঙ্গে যোগ করেছেন, ‘অথচ পরের বছরেই তাদের (রিয়াল মাদ্রি) সবকিছু ঠিক হয়ে গেছে। আবারও তারা বিস্ময়কর রূপে ধরা দিয়েছে, যেমনটা তারা আগে ছিল।’ সুয়ারেজের ইঙ্গিত স্পষ্ট, রিয়ালের মতো সামনের মৌসুমে বার্সেলোনাও তাদের সেরা জায়গায় ফিরবে।