কোচদের কোচ হওয়ার পরীক্ষা তাদের

শুরু হতে যাচ্ছে এএফসি কোচ এডুকেশন কোর্সস্থানীয় কোচ হিসেবে তাদের অনেকেই ডাগ আউটে দাঁড়িয়ে ছাত্রদের নির্দেশনা দিয়ে থাকেন, আবার কেউ কাজ করছেন ফুটবলের অন্য শাখায়। তবে এবার নতুন পরীক্ষায় বসতে যাচ্ছেন তারা। এএফসি কোচ এডুকেশন কোর্স, যেটি শুরু হচ্ছে আগামী ২৭ আগস্ট থেকে। অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন পর্যায়ের ২০ কোচ। এই কোর্সে সফল হতে পারলেই দেশে নতুন কোচদের অন্তত ‘সি’ লাইসেন্স পেতে নির্দেশক হিসেবে কাজ করার সুযোগ পাবেন তারা। দিতে পারবেন কোচদের কোচ হওয়ার দীক্ষা।

এএফসি কোচ এডুকেশন কোর্স শুরু হতে যাচ্ছে অনলাইনে। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি থাকবেন কোর্সের প্রধান হিসেবে। কোর্সে অংশ নিতে যাওয়া দেশের বিভিন্ন পর্যায়ের ২০ জন কোচের মধ্যে অন্যতম মাহববু হোসেন রক্সি, ছাইদ হাসান কানন, জুলফিকার মাহমুদ মিন্টু, মাসুদ পারভেজ কায়সার, আব্দুল কাইয়ুম সেন্টু, আবু ফয়সাল আহমেদ, সুজিত কুমার ব্যানার্জি, জয়া চাকমা, মিরোনা ও সাবিনা খাতুন।

দুই ধাপে হবে এই প্রশিক্ষণ। নভেম্বরে হবে দ্বিতীয় ধাপের ক্লাস। এই প্রশিক্ষণ থেকে উত্তীর্ণ হতে পারলে ভবিষ্যৎ কোচদের নির্দেশক হিসেবে কাজ করতে পারবেন মিন্টু-জয়ারা। যারা কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান, তাদের ক্লাস নেওয়ার সুযোগ থাকবে।

এই কোর্সে অংশ নিতে যাওয়া মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ক্রীড়া চক্রের কোচ আব্দুল কাইয়ুম সেন্টু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এখন বাসায় বসে আছি। তাই কোর্সটা করে রাখছি। ভবিষ্যতে যদি সুযোগ হয় তাহলে তৃণমূলের কোচদের শেখানোর সুযোগ থাকবে।’

শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটুর ইন্সট্রাক্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে। তিনি বলেছেন, ‘আমি মনে করি, যত স্থানীয় কোচ ইন্সট্রাক্টর হিসেবে আসবে তত ভালো হবে। দেশের ‍ফুটবলে কোচদের তখন কোচিং লাইসেন্স পেতে সুবিধা হবে। সবারই তখন তৃণমূলে কাজ করার সুযোগ বাড়বে।’