কালই আসছে ফুটবলের নতুন মৌসুমের সিদ্ধান্ত?

প্রিমিয়ার ফুটবল লিগকরোনাভাইরাসের প্রকোপে পরিত্যক্ত হয়েছে প্রিমিয়ার লিগ ফুটবল। এখন নতুন করে মৌসুম শুরুর পরিকল্পনা করছে বাফুফে। তারই অংশ হিসেবে ক্লাব ও খেলোয়াড়দের সঙ্গে সভা করেছে পেশাদার লিগ কমিটি। সেখানে দুই পক্ষের কথাই শুনেছে তারা। এখন লিগ কমিটি নিজেরাই সভা করে সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায়। আগামীকাল (মঙ্গলবার) বিকেলে হবে সেই সভা।

সবশেষ আলোচনায় খেলোয়াড়রা আগের মৌসুমের পুরো পারিশ্রমিক চেয়েছেন। এছাড়া নতুন মৌসুমের জন্য অর্ধেক কিংবা তারও কম পারিশ্রমিক নিতে প্রস্তুত আছেন বলে তারা জানিয়েছেন লিগ কমিটির কাছে। খেলোয়াড়দের চাওয়া সেপ্টেম্বরের শেষেই হোক দলবদল। এখন তাদের প্রস্তাব ক্লাবগুলো কতটা মানবে, সেটি আগামীকালের সভাতে পরিষ্কার হবে।

এই সভা নিয়ে আশাবাদী বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ‘আমরা এর আগে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে যেসব কথা-বার্তা হয়েছে তা ক্লাবগুলোর প্রতিনিধির সামনে তুলে ধরবো। সেখানে ক্লাবগুলোর মতামত শুনবো। তারপর হয়তো একটা সিদ্ধান্তে আসা যাবে। যা নিয়ে নির্বাহী কমিটির সভাতে আলোচনা হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’