বার্সেলোনা ছেড়ে আবারও সেভিয়ায় রাকিতিচ

ইভান রাকিতিচ ‍এখন সেভিয়ারসাফল্যময় ছয়টি বছর পার করে ন্যু ক্যাম্প ছাড়লেন ইভান রাকিতিচ। তার নতুন ঠিকানা সেভিয়া। ২০১৪ সালে এই ক্লাব ছেড়েই ক্রোয়েট মিডফিল্ডার যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। রোলান্ড কোম্যান যুগে প্রথম খেলোয়াড় হিসেবে কাতালান ক্লাব ছেড়ে গেলেন রাকিতিচ।

চার বছরের চুক্তিতে সেভিয়ায় নাম লিখিয়েছেন তিনি। দলবদলের অঙ্কটা ১.৫ মিলিয়ন ইউরো, তবে পারফরম্যান্সের ভিত্তিতে বার্সেলোনা পেতে পারে ‍আরও ৯ মিলিয়ন ইউরো। সোমবারই তার সেভিয়ায় ফেরা একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল, বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। যেটি আজ (মঙ্গলবার) নিশ্চিত করেছে সেভিয়া।

পালাবদলে কোম্যানকে দায়িত্ব দিয়েছে বার্সেলোনা। ডাচ কোচ ন্যু ক্যাম্পে আসার পরপরই রাকিতিচকে জানিয়ে দিয়েছিলেন, ২০২০-২১ মৌসুমের পরিকল্পনায় নেই ক্রোয়েট মিডফিল্ডার। গত মৌসুম সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচ খেলা রাকিতিচ পুরোনো ‍ক্লাব সেভিয়াকেই বেছে নিয়েছেন। দুই ক্লাব সমঝোতায় পৌঁছানোর পর সোমবার হয় তার মেডিক্যাল।

সেভিয়ায় রাকিতিচের বেশ বড় সমর্থক গোষ্ঠী আছে। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্লাবটির জার্সি গায়ে খেলেছেন। ২০১৩-১৪ মৌসুমে সেভিয়ার ইউরো লিগ জেতা দলটির অধিনায়ক ছিলেন তিনি।

সেভিয়ায় সাফল্যময় মৌসুম কাটানোর পরই রাকিতিচ নাম লেখান বার্সেলোনায়। আর প্রথম মৌসুমেই পান অভাবনীয় সাফল্য। লুইস এনরিকের অধীনে জেতেন ত্রিমুকুট। জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বার্সেলোনার ৩-১ গোলে জেতার পথে প্রথম গোলটি এসেছিল তার পা থেকেই।

ছয় বছরের বার্সেলোনা ক্যারিয়ারে ক্রোয়েট তারকা জিতেছেন ১৩ শিরোপা। যার মধ্যে রয়েছে চারটি লা লিগা, চারটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগ।