বার্সার সঙ্গে আলোচনায় বসতে স্পেনের পথে মেসির বাবা

মেসি-বাবাজোসেপ মারিয়া বার্তোমেউ সরাসরি কথা বলতে চেয়েছিলেন, কিন্তু লিওনেল মেসি নাকি আলোচনা করতে রাজি হননি। আবার এটাও শোনা গেছে, বার্সা সভাপতিই নাকি আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে কথা বলতে চাইছেন না। বার্সেলোনা-মেসি ‘লড়াইয়ের’ এই যখন অবস্থা, তখন কাতালান ক্লাবটির সঙ্গে আলোচনায় বসতে আসছেন মেসির বাবা হোর্হে মেসি। আর্জেন্টিনা থেকে তিনি ইতিমধ্যে যাত্রা করেছেন বার্সেলোনার উদ্দেশে।

কাতালানভিত্তিক ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোর খবর, আজ (মঙ্গলবার) আর্জেন্টাইন সময় বিকেল ৫টায় বিমানে উঠেছেন মেসি সিনিয়র। বুধবার সকালে তার বার্সেলোনায় পৌঁছানোর কথা। কাতালুনিয়ার রাজধানীতে পৌঁছে আগামীকালই (বুধবার) তিনি আলোচনায় বসবেন বার্সা সভাপতি বার্তোমেউয়ের সঙ্গে।

গত সপ্তাহে বুরোফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনা ছাড়ার অনুমতি চেয়েছেন মেসি। তার দাবি, করোনাভাইরাসের কারণে মৌসুম দীর্ঘ হওয়ায় ফ্রি ট্রান্সফারে দলবদলের সুযোগ আছে এখনও। যদিও বার্সেলোনা ও লা লিগার দাবি, ফ্রি ট্রান্সফারে ‍চুক্তির শর্ত ‍এখন আর প্রযোজ্য নয়, নতুন মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছেন মেসি। তাই তাকে বাইআউট ক্লজের ৭০০ মিলিয়ন ইউরোর শর্ত পূরণ করেই ছাড়তে হবে ন্যু ক্যাম্প।

পরিস্থিতির এই অবস্থায় কাতালান ক্লাবটির সঙ্গে আলোচনায় বসতে বার্সেলোনায় আসছেন মেসির বাবা, যিনি আবার ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর এজেন্টও। মুন্দো দেপোর্তিভোর খবর, বুধবার বার্সেলোনায় পৌঁছেই ক্লাব সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন হোর্হে মেসি। যেখানে তার ছেলের ক্লাব ছাড়ার শর্ত ও ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন বার্তোমেউয়ের সঙ্গে।

মেসির সিদ্ধান্ত স্পষ্ট- সামনের মৌসুমে তিনি আর বার্সেলোনার জার্সি গায়ে জড়াতে চান না। বার্সেলোনাকে বিষয়টি জানিয়ে দেওয়ার পর নতুন মৌসুমের অনুশীলনেও যোগ দেননি। এমনকি খেলোয়াড়দের বাধ্যতামূলক করোনা পরীক্ষাতেও অনুপস্থিত ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। যদিও কাতালান ক্লাব থেকে জানানো হয়েছিল, মেসি যে অনুশীলনে যোগ দেবেন না, সেটি তাদের জানানো হয়নি।

বার্সেলোনার সাম্প্রতিক ব্যর্থতা, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের হার ভীষণভাবে আঘাত করেছে মেসিকে। ন্যু ক্যাম্পের আলো-বাতাসে বেড়ে ওঠা আর্জেন্টাইন ফরোয়ার্ড অনেক কঠিন মুহূর্তের সম্মুখীন হয়েছেন, তবে এত বড় লজ্জার সাক্ষী হননি কখনও। এতে চ্যাম্পিয়নস লিগে ধারাবাহিক ব্যর্থতার ছবিগুলো টাটকা হয়ে ‍ধরা দিয়েছে তার চোখে।

নতুন কোচ রোলান্ড কোম্যানের পরিকল্পনাও পছন্দ হয়নি মেসির। সবকিছু বিবেচনায় নিয়ে কাতালান ক্লাবের সঙ্গে ২০ বছরের সম্পর্ক ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী।