আত্মবিশ্বাসী বলেই নির্বাচন করছি: কাজী সালাউদ্দিন

সংবাদমাধ্যমে কথা বলছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনবাফুফে নির্বাচনে দুই সাবেক ফুটবলার বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দেওয়ার পর দৃশ্যপটে পরিবর্তন। তবে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন আত্মবিশ্বাসী। চতুর্থ দফায় বাফুফে সভাপতি পদে নির্বাচন করতে প্রস্তুত তিনি।

মনোনয়নপত্র তুলে সালাউদ্দিন ও তার অনুসারীরা চলে আসেন বাফুফে ভবনের মাঠে। সেখানেই ঘোষণা করা হয় প্যানেল। সম্মিলিত পরিষদের ব্যানারে নির্বাচনের ঘোষণা দিয়ে প্যানেলের ২১ সদস্যের নামও জানানো হয়। প্যানেল ঘোষণার সময় সালাউদ্দিন বলেছেন, ‘আমি কাজী সালাউদ্দিন। বাফুফের সভাপতি পদপ্রার্থী। আমরা পুরো প্যানেল দিচ্ছি। আমার সঙ্গে সালাম মুর্শেদী সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এবং অন্যরাও আছেন।’

৩ অক্টোবরের বাফুফের নির্বাচনে চ্যালেঞ্জ কতটা, এমন প্রশ্নে সালাউদ্দিনের উত্তর, “আজকে আমাদের ফর্ম কেনার সময় ছিল। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর কথা আপনারা বলছেন। আপনারা সবাই আমাকে চেনেন এবং শেষ তিনটা নির্বাচন তো আমি করেই এসেছি। ’৭১-এ যেমন যুদ্ধে করেছি। ২০০৮ সালে নির্বাচন করেছি। ২০১২ ও ২০১৬ সালেও করেছি। নির্বাচন করতে হলে করবো।”

তিন মেয়াদে ছিলেন, এবার চতুর্থ মেয়াদের জন্য নির্বাচন করতে নামছেন সাবেক এই ফুটবলার। এবারও তিনি আশাবাদী, ‘আমি যদি আত্মবিশ্বাসী না হতাম তাহলে তো নির্বাচনই করতাম না। ফল কী হবে সেটা পরে দেখা যাবে। আমি অনেক আত্মবিশ্বাসী। ইশতেহার যখন দেবো তখন ডিটেলস বলবো। গোটা প্যানেল পরিচিতি নতুনভাবে দিয়ে সবকিছু জানাবো।’

২১ সদস্যের প্যানেলে নতুন মুখ বেশ কয়েকজন। নতুনদের নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন সালাউদ্দিন। সহ-সভাপতি পদের আতাউর রহমান ভূঁইয়ার প্রসঙ্গে যেমন বলেছেন, ‘আমি জানি কিছু কিছু ক্লাবে রেগুলার ফাইন্যান্স করেন তিনি (আতাউর রহমান)। কিছু কিছু ক্লাব তার কাছ থেকে ফাইন্যান্স নেয়ও। আমি ব্যক্তিগতভাবে তার কাছ থেকে যখন দরকার হয়... ফাইন্যান্স করে থাকেন তিনি। স্পোর্টসের সঙ্গে জড়িত অনেকদিন ধরে। আমি তাকে অনুরোধ করেছি, আপনাদের মতো লোকের আসা দরকার। তার কিছু কনসেপ্ট আছে। তা পরে আপনাদের জানানো হবে।’

সিনিয়র সহ-সভাপতি প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘কেউই নতুন না। প্রত্যেকে কিছু না কিছুভাবে স্পোর্টসে জড়িত। গণতন্ত্রে সবসময় লড়াই থাকবে। এর মধ্যেই জয়ের আনন্দ আছে। আগের ইশতেহারের সিংগভাগই বাস্তবায়ন হয়েছে। দুই-চারটি যা পারিনি আগামীতে নির্বাচিত হলে নতুনসহ সবকিছু বাস্তবায়ন করতে পারবো।’