লা লিগায় পথে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে হুয়েস্কাকে ৪-১ গোলে হারিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। তবে চ্যাম্পিয়নস লিগে যাচ্ছেতাই অবস্থা। শাখতার দনেৎস্কের কাছে হার ও বরুসিয়া মুনশেনগ্ল্যাডবাখের মাঠ থেকে কোনও মতে ড্র নিয়ে ফিরে রিয়াল ‘বি’ গ্রুপে রয়েছে তলানিতে। আগামীকাল (মঙ্গলবার) রাতে ইউরোপিয়ান প্রতিযোগিতায় মাদ্রিদের ক্লাবটি মুখোমুখি হবে ইন্টার মিলানের। এই ম্যাচের আগে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন মিলিতাও।
উয়েফার নির্দেশনা অনুযায়ী, চ্যাম্পিয়নস লিগ ম্যাচের ছয় ঘণ্টা আগে নেগেটিভ হতে হবে সব খেলোয়াড়কে, যারা পজিটিভ থাকবেন, তাদের আর স্কোয়াডে থাকার সুযোগ নেই। সেই হিসাবে আগামীকালের পরীক্ষাতেও যদি মিলিতাও নেগেটিভ থাকেন, তাহলে এই ডিফেন্ডারকে দর্শক হয়ে থাকতে হবে। ইতিমধ্যেই চোটের কারণে জিদান ইন্টারের বিপক্ষে রক্ষণভাগে পাচ্ছেন না দানি কারভাহাল, আলভারো অদ্রিয়োজোলা ও নাচো ফার্নান্দেজকে।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘রবিবারের কোভিড-১৯ পরীক্ষায় রিয়াল মাদ্রিদ একটি পজিটিভ ফল পেয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এদের মিলিতাও। দলের অন্য খেলোয়াড় ও কোচিং স্টাফের ফল নেগেটিভ এসেছে।’ বিবৃতির পরের অংশে জানানো হয়েছে, আজ (সোমবার) সকালে মিলিতাও বাদে অন্যদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
শনিবার হুয়েস্কার বিপক্ষে রিয়ালের ৪-১ গোলে জেতা ম্যাচের পুরো সময়ই খেলেছেন মিলিতাও। তবে কোভিড-১৯ পরীক্ষায় কেবল ব্রাজিলিয়ান ডিফেন্ডারই পজিটিভ এসেছেন।