মেসি বার্সেলোনা ছাড়ুক, চেয়েছিলেন সাকিব

সাকিব-মেসিক্রিকেট তার পেশা হলেও ফুটবলের বড় ভক্ত সাকিব আল হাসান। বিশেষ করে, লিওনেল মেসি বলতে তিনি অজ্ঞান। একবছরের নিষেধাজ্ঞায় যখন মাঠের বাইরে কাটাচ্ছিলেন এই অলরাউন্ডার, তখন চলেছে মেসির বার্সেলোনা ছাড়ার নানা গুঞ্জন। একসময় আর্জেন্টাইন ফরোয়ার্ড সত্যিই ন্যু ক্যাম্প ছাড়ার কথা জানিয়ে দেন্। ওই মুহূর্তে কী ভেবেছিলেন সাকিবের? নিষেধাজ্ঞা কাটানোর পর প্রথমবার ভক্ত-সমর্থক ও সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়ে সাকিব জানালেন, তিনিও চেয়েছিলেন মেসি বার্সেলোনা ছাড়ুক।

সাকিব আগেই ঘোষণা দিয়েছিলেন ইউটিউব চ্যানেলে এসে ভক্তদের প্রশ্নের উত্তর দেবেন। এজন্য সবার কাছ থেকে প্রশ্ন চেয়েছিলেন গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়া বাঁহাতি অলরাউন্ডার। সেখানেই এক ভক্তের প্রশ্ন ছিল মেসি-বার্সেলোনার ‘বিচ্ছেদ’ নিয়ে।

গত জুনে বুরোফ্যাক্সের মাধ্যমে মেসির বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর তোলপাড় হয়ে ওঠে গোটা ফুটবল বিশ্ব। ওই সময় মেসিভক্ত সাকিবের কী মনে হয়েছিল? বিশ্বসেরা অলরাউন্ডার কিন্তু চেয়েছিলেন মেসি বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটি কিংবা প্যারিস সেন্ত জার্মেইয়ে যাক।

‘সত্যি বলতে, আমি চাচ্ছিলাম মেসি মুভ করুক। মুভ করে ম্যানসিটি অথবা পিএসজিতে যাক। আমরা ধারণা, ওই দুই জায়গায় গেলে মেসি অনেক ভালোভাবে খেলতে পারতো, অনেক ফ্রিভাবে খেলতে পারতো। যেহেতু ওর ক্যারিয়ারের একদম শেষ সময়। এই বছর আর পরের বছর হয়তো ও ভালোভাবে উপভোগ করতে পারতো, যেটা হয়তো বার্সেলোনাতে অতটা সম্ভব হয় না। কারণ গত তিন-চার বছর ওর একার ওপর অনেক চাপ যাচ্ছে।’- মেসির বার্সা প্রসঙ্গে বলেছেন সাকিব।

সিদ্ধান্ত পাল্টে ন্যু ক্যাম্পে থেকে গেছেন মেসি। তবে সামনে বছর চুক্তির মেয়াদ শেষে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী বার্সা ছেড়ে যাবেন বলেই শোনা যাচ্ছে। সাকিব অবশ্য এই মুহূর্তে বার্সার জার্সিতে সেরা মেসিকে দেখার প্রত্যাশা, ‘তবে যেহেতু বার্সেলোনাতেই আছে (মেসি), আমি চাইবো ও বার্সেলোনাকে ওর সেরাটা দিয়েই যেন শিরোপা জিতিয়ে বের হতে পারে, অবশ্য যদি বের হতে চায় পরের বছর।’