জামালের সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকে পড়লো দর্শক!

সেই মুহূর্তটিইউরোপিয়ান ফুটবলে এই দৃশ্য দেখা যায় হরহামেশা। আর ক্রিকেটের কথা টানলে বাংলাদেশের মাঠেও বারকয়েক দেখা গেছে ম্যাচ চলাকালীন দর্শকের মাঠে ঢুকে পড়ার দৃশ্য। প্রিয় খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলা কিংবা ছুঁয়ে দেখতে ভক্তের এমন আকুতি। সেই ছবিটাই আজ (মঙ্গলবার) ধরা পড়লো বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত বাংলাদেশ-নেপালের দ্বিতীয় ম্যাচের তখন ৭৩ মিনিট। পূর্ব গ্যালারি থেকে আচমকা মাঠের ভেতর ঢুকে পড়েন এক দর্শক। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সেলফি তুলতেই তার এমন কাণ্ড। কড়া নিরাপত্তা তোয়াক্কা না করে খেলার মধ্যেই মাঠে ঢুকে পড়ে মোহাম্মদ হাসিব নামের ওই দর্শক। জামালের কাছাকাছি যেতেই অবশ্য নিরাপত্তা কর্মীরা ধরে ফেলেন তাকে।   

এ সময় সবাই কিছুটা হতভম্ব হয়ে পড়েন। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাকে জাপটে ধরে মাঠের বাইরে নিয়ে নিজেদের হেফাজতে নিয়ে রাখে।

এ সময় খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। তবে আবারও খেলা শুরু হতে সময় লাগেনি।

ঢাকা ডেমরা থেকে খেলা দেখতে আসা ১৫ বছর বয়সী হাসিবকে আপাতত আহাদ পুলিশ বক্সে রাখা হয়েছে। পল্টন থানার এক কর্মকর্তা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বাফুফের মিডিয়া সূত্রে জানা গেছে, ম্যাচ শেষে হাসিবের খোঁজ-খবর নিয়েছেন জামালসহ অন্য খেলোয়াড়রা। তারা ওই দর্শককে ছেড়ে দেওয়ারও অনুরোধ করেছেন।