‘পরীক্ষিত’ খেলোয়াড়ই আনলো আবাহনী

আফগান ডিফেন্ডার মাসিহ সাইগানি আবারও আবাহনীতে২০১৮-১৯ মৌসুমে আবাহনীর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে গেছেন আফগানিস্তানের ডিফেন্ডার মাসিহ সাইগানি। এএফসি কাপের গ্রুপ পর্বে ৩ গোল করে আবাহনীকে নকআউট পর্বে নিয়ে যাওয়ার পথে অবদান রেখেছিলেন তিনি। এছাড়া ঘরোয়া মৌসুমেও তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। সেই সাইগানিকে আবারও আকাশি-নীল জার্সিতে দেখা যাবে।

আসছে মৌসুমে এশিয়ান কোটায় আবাহনীর হয়ে খেলবেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। সবশেষ সাইগানি খেলেছেন ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল চেন্নাইয়িন এফসিতে।

আগামী সপ্তাহের শুরুর দিকে তার ঢাকায় এসে ক্লাবে যোগ দেওয়ার কথা। আবাহনী ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সাইগানি পরীক্ষিত খেলোয়াড়। তাকে আবারও আমরা আনতে যাচ্ছি। সে ডিফেন্স ছাড়াও মিডফিল্ডে প্রয়োজনে খেলতে পারে।’

এর আগেই অবশ্য দেশের জনপ্রিয় ক্লাবটি দুই ব্রাজিলিয়ান ও এক হাইতির খেলোয়াড়কে নিশ্চিত করেছে। আইএসএল খেলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তোকে দেখা যাবে ঢাকার মাঠে। এছাড়া তার স্বদেশি স্ট্রাইকার ফ্রান্সিসকে ওয়েগসলি রোদ্রিগেজ ডি সুজা ফিলহো, যিনি তোরেস নামেই বেশি পরিচিত, তিনিও আসছেন আকাশি-নীল শিবিরে। এছাড়া আসছেন হাইতির কেরভেন্স বেলফোর্ট।

আগামী কয়েকদিনের মধ্যে তিন বিদেশিকে আবাহনীর তাঁবুতে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।