মুখোমুখি বার্সেলোনা-পিএসজি, রিয়ালের প্রতিপক্ষ আতালান্তা

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র হয়েছে আজদিনকয়েক আগে নেইমার জানিয়েছিলেন, সামনের বছরই তিনি খেলতে চান লিওনেল মেসির সঙ্গে। আর এটা সফল করতে দুজনই কাজ করবেন। সামনের মৌসুমে তাদের খেলা হবে কিনা, সেটা সময়ের হাতে তোলা। তবে এবারের মৌসুমে যে লাতিন আমেরিকান দুই তারকা মুখোমুখি হচ্ছেন, সেটা নিশ্চিত হয়ে গেছে আজই (সোমবার)। সুইজারল্যান্ডের নিয়নে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র ভাগ্য মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে তাদের দল বার্সেলোনা-প্যারিস সেন্ত জার্মেইকে। বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ লড়বে আতালান্তার বিপক্ষে।

বার্সেলোনা-পিএসজি ম্যাচ ছাড়াও আরেকটি লড়াই উত্তেজনা ছড়াবে শেষ ষোলোতে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে চেলসি-আতলেতিকো মাদ্রিদ। এছাড়া তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে ফেবারিট দলগুলো।

বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ লড়বে ইতালিয়ান ক্লাব লাৎসিওর বিপক্ষে। ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুলের প্রতিপক্ষ জার্মানির আরবি লাইপজিগ। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে আরেক জার্মান ক্লাব বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখের। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস খেলবে পর্তুগালের পোর্তোর বিপক্ষে। আর বরুসিয়া ডর্টমুন্ডের কোয়ার্টারে যাওয়ার পথে বাধা সেভিয়া।

জুভেন্টাসের কাছে হেরে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলোতে উঠেছে বার্সেলোনা। তাই নকআউট পর্বে তাদের কঠিন প্রতিপক্ষের সামনে পড়ার সম্ভাবনা ছিল। ড্র ভাগ্যে সেটাই হলো। গতবারের রানার্স-আপ পিএসজির বিপক্ষে শেষ ষোলোতেই তাদের দেখা হয়ে যাচ্ছে। এতে করে কোয়ার্টারের আগেই ফেবারিট একটি দলকে হারাবে চ্যাম্পিয়নস লিগ।

শেষ ষোলোর প্রথম লেগ হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। বড়দিন ও শীতকালীন বিরতিতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগ। দুই মাসের ‘ছুটি’ কাটিয়ে ১৬, ১৭, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি হবে শেষ ষোলোর প্রথম লেগ। আর ফিরতি লেগ ৯, ১০, ১৬ ও ১৭ মার্চ।

শেষ ষোলোর লাইনআপ:

বার্সেলোনা-প্যারিস সেন্ত জার্মেই

আতালান্তা-রিয়াল মাদ্রিদ

বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখ-ম্যানচেস্টার সিটি

লাৎসিও-বায়ার্ন মিউনিখ

আতলেতিকো মাদ্রিদ-চেলসি

আরবি লাইপজিগ-লিভারপুল

পোর্তো-জুভেন্টাস

সেভিয়া-বরুসিয়া ডর্টমুন্ড