নেইমারকে ৪৫ মিলিয়ন ইউরোতেই পেয়ে যাবে বার্সেলোনা!

ন্যু ক্যাম্পে আবারও মেসি-নেইমার জুটি দেখার প্রত্যাশানেইমার চান আবারও মেসির সঙ্গে জুটি বাঁধতে। আর সেটা ২০২১ সালেই। কিন্তু কথা হচ্ছে, কোথায়? মেসি গত মৌসুমে যেতে যেতেও রয়ে গেছেন ন্যু ক্যাম্পে। তবে চলতি মৌসুম শেষে তার বার্সেলোনার জার্সিতে থাকার সম্ভাবনা খুব বেশি নেই বলেই গুঞ্জন ইউরোপিয়ান মিডিয়ায়। বার্সেলোনার সভাপতি প্রার্থী জর্দি ফন্তের সে সবে কান দেওয়ার সময় কোথায়! মেসি যে অন্য কোথায় যাচ্ছেন না, সেটি আমলে নিয়ে নেইমারকে আবারও নিয়ে আসতে চাইছেন ন্যু ক্যাম্পে। নির্বাচনি ইশতেহারে এই কঠিন কাজটি করার প্রতিশ্রুতি দিয়েই হয়তো ফন্ত বসতে চাইছেন সভাপতির চেয়ারে।

অবশ্য নেইমারের জন্য কিছু শর্তও রাখছেন তিনি। নির্বাচনে জিতলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে আসবেন ঠিকই, কিন্তু তার আগে ক্লাব ছেড়ে যাওয়ার জন্য ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে ক্লাবের কাছে যে দাবি-দাওয়া (মামলা) আছে, সেগুলো তুলে নিতে হবে। আর এসব হয়ে গেলেই নেইমারের আসার পথ উন্মুক্ত হবে। এখানে অবাক করার বিষয় হলো, সাবেক ফরোয়ার্ডকে ঘরে ফেরাতে অর্থের খুব একটা চিন্তাই করছেন না ফন্ত। তার মতে, ৪০ থেকে ৪৫ মিলিয়ন ইউরোতেই পাওয়া যাবে নেইমারকে!

২০১৭ সালের গ্রীষ্মের দলবদলে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ত জার্মেইয়ে পাড়ি জমান নেইমার। সেই তাকে ফিরিয়ে আনতে খরচ মাত্র ৪৫ মিলিয়ন ইউরো! ফন্ত বলছেন, চুক্তির প্রস্তাব পাঠানোর একটি পথ খোলা আছে, যেখানে এই অঙ্কেই পাওয়া যাবে ২৮ বছর বয়সী তারকাকে।

স্প্যানিশ রেডিও আরএসিওয়ানে দেওয়া সাক্ষাৎকারে ফন্ত বলেছেন, ‘নেইমারকে স্বাগত জানানো হবে, তবে প্রথমে তাকে তার সব দাবি তুলে নিতে হবে এবং ক্ষমা চাইতে হবে। আমরা তার কাছের মানুষদের সঙ্গে কথা বলেছি, তার বলেছে সে ঘরে ফিরতে চায়। কে চাইবে না তাদের দলে বিশ্বের তৃতীয় সেরা খেলোয়াড় থাকুক? দলবদলের প্রস্তাব পাঠানোর একটা পথ আছে, যেখানে আমরা ৪০-৪৫ মিলিয়ন ইউরোতেই তাকে আনতে পারবো।’

কিন্তু মেসি নিজেই তো থাকতে চাইছেন না ন্যু ক্যাম্পে! নেইমারের সঙ্গে তার জুটি তাহলে হয় কীভাবে? ফন্ত অবশ্য বলছেন অন্য কথা, ‘আগামী বছর বার্সেলোনায় মেসি-নেইমার একসঙ্গে খেলতে পারে। আমি নিশ্চিত মেসি বার্সা ছাড়তে ‍চায় না। তার কাছের এক মানুষের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, সে থাকতে চায়। তবে সে চায় জয়ী প্রজেক্টের সঙ্গী হতে।’

একদিন আগেই মেসির একটি সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ পেয়েছে। স্প্যানিশ এক টিভিতে দেওয়া ওই সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছেন, এখন খুব ভালো আছেন তিনি ন্যু ক্যাম্পে, আর বর্তমান দলের সঙ্গে এগিয়ে যেতে তিনি রোমাঞ্চিত।