এফএ’র বেটিং-বিধি অনুযায়ী, কোনও ফুটবলার ফুটবল সংশ্লিষ্ট কোনও বিষয়ে বাজি ধরা কিংবা বাজি সম্পর্কিত কোনও তথ্য বাজিকরদের কাছে দিতে পারবেন না। এই বিধি ভাঙাতেই ট্রিপিয়েরকে ১০ সপ্তাহের নিষেধাজ্ঞার শাস্তির সঙ্গে ৭০ হাজার পাউন্ড জরিমানা করেছে এফএ।
গত মে মাসে ৩০ বছর বয়সী রাইটব্যাকের বিরুদ্ধে অভিযোগ আনে এফএ। এই অভিযোগের শুনানিতে উপস্থিত থাকার জন্য গত অক্টোবরে ডেনমার্কের বিপক্ষে ইংল্যান্ডের নেশনস লিগের স্কোয়াডে থাকলেও পরে নাম প্রত্যাহার করে নিতে হয়েছিল ট্রিপিয়েরকে।
টটেনহাম থেকে আতলেতিকোয় যোগ দেওয়া নিয়ে চলা বাজিতে সাতটি অভিযোগ আনা হয়েছিল ট্রিপিয়েরের বিরুদ্ধে। তার মধ্যে চারটির প্রমাণ পেয়েছে এফএ’র গড়ে দেওয়া স্বাধীন কমিশন। বাকি তিনটি বাতিল করা হয়েছে। ওই কমিটিই ফুটবল সংশ্লিষ্ট সব কর্মকাণ্ড থেকে ১০ সপ্তাহ নিষিদ্ধ করেছে আতলেতিকো ডিফেন্ডারকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা।
এর অর্থ হলো, ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত খেলতে পারবেন না ট্রিপিয়ের। এই সময়ে ৩০ বছর বয়সী ডিফেন্ডার আতলেতিকোর জার্সিতে মিস করবেন অন্তত ১২ ম্যাচ। যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে চেলসির বিপক্ষে দুই লেগের খেলা। তবে খেলতে পারবেন ৭ মার্চ নগরপ্রতিপক্ষ রিয়ালের বিপক্ষে মাদ্রিদ ডার্বিতে।