গত মঙ্গলবার রিয়াল ভায়াদোলিদকে হারানোর সুখস্মৃতি নিয়ে আর্জেন্টিনায় উড়ে গেছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। ওই ম্যাচেই ৬৫ মিনিটে দারুণ এক গোল করে পেলেকে ছাড়িয়ে গেছেন তিনি। বার্সেলোনার হয়ে তার এখন গোল ৬৪৪। আর পেলে সান্তোসের হয়ে করেছিলেন ৬৪৩ গোল।
নতুন রের্কড গড়ায় মাঠ থেকে শুরু হয় তার বড়দিন উৎসব। সেটি আরও মধুর হয়েছে আর্জেন্টিনায় পরিবারের সঙ্গে উৎসবে মাতায়। বার্সেলোনা অধিনায়কের স্ত্রী আন্তোনেলা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিন ছেলের সঙ্গে হাস্যোজ্জ্বল মেসিকে পাওয়া গেছে ক্রিসমাস ট্রি’র সামনে। বড়দিনের অন্যতম আর্কষণ সান্তা ক্লজ তো আছেই!
উৎসবটা কেমন চলছে, তা প্রকাশ পেয়েছে মেসির স্ত্রীর এই লেখায়, ‘ভালোবাসা ও সুস্বাস্থ্যে কাটুক এই বড়দিন। শুভ বড়দিন।’
বুধবার আর্জেন্টিনার সময় সকাল ১০-৩০ মিনিটে প্রাইভেট জেটে করে পৌঁছান জন্মস্থান রোজারিওতে। এবারের ছুটিটা যেহেতু অল্প সময়ের, তাই বাড়িতে পোঁছেই বড়দিনের কার্যক্রম শুরু হয় মেসির।
আর্জেন্টাইন অধিনায়ককে ২৭ ডিসেম্বর বার্সেলোনায় ফিরতে হবে, অর্থাৎ বড়দিনের একদিন পরই আর্জেন্টিনা ছাড়তে হবে। বার্সেলোনার অনুশীলন শুরু ২৯ ডিসেম্বর। সেই লক্ষ্যেই তিনি দ্রুত কাতালুনিয়ার রাজধানীতে ফিরবেন বলে খবর ইউরোপিয়ান মিডিয়ায়। কারণ ৩০ ডিসেম্বরই বার্সেলোনার ম্যাচ এইবারের বিপক্ষে।