মেসির ৫০০তম ম্যাচ জিতে পাঁচে উঠলো বার্সা

চোট সারিয়ে লা লিগার ৫০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। মাইলফলকের ম্যাচটা তিনি স্মরণীয় করে রাখতে পারতেন গোল করে। সেটি না হলেও গোল বানিয়ে জয়ে ভূমিকা রেখেছেন ঠিকই। লা লিগায় তলানির দল হুয়েস্কাকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।

টেবিলের তলানির দলটির বিপক্ষে সূচনাটা আধিপত্য বিস্তারেই শুরু করেছিল বার্সা। কিন্তু সুযোগ সৃষ্টি করেও বার বার ব্যর্থ হতে হয়েছে। সেই ধারাতে একমাত্র গোলটি আসে ২৭ মিনিটে। দূর থেকে দেওয়া মেসির ক্রস থেকেই ভলিতে জাল কাঁপান ডাচ মিডফিল্ডার ডি ইয়ং।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল হুয়েস্কা। স্ট্রাইকার রাফা মির ব্যাকহিল করেছিলেন, কিন্তু শট দুর্বল হওয়ায় দেরি করে হলেও সেটি রুখে দিতে পেরেছিলেন মার্ক আন্দ্রে টের স্টেগেন।

সর্বশেষ ম্যাচে এইবারের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর বার্সার জন্য দুঃসংবাদ বয়ে এনেছিল ফিলিপে কুতিনিয়োর চোট। হাঁটুর ইনজুরিতে ছিটকে গেছেন। তার পরেও বার্সার হয়ে মেসির ফেরাটা স্বস্তি দিচ্ছিলো। কিন্তু প্রত্যাশা মতো অবদান রাখতে পারেননি বার্সার প্রাণভোমরা। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেও জাল কাঁপাতে পারেননি। বিশেষ করে বিরতির আগে দারুণ এক ফ্রি কিকে চেষ্টা করেছিলেন, কিন্তু মেসির নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে রক্ষা করেছেন হুয়েস্কা গোলকিপার। ‍

এই জয়ের পর সেভিয়াকে টপকে পঞ্চম স্থানে উঠে গেছে বার্সা। ১৬ ম্যাচে তাদের অর্জন ২৮ পয়েন্ট। শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে ১০ পয়েন্ট কম। এদিকে অপর ম্যাচে আলাভেসকে ২-১ গোলে হারিয়ে রিয়ালকে পেছনে ফেলে পুনরায় শীর্ষস্থান দখলে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। ৯০ মিনিটের আগ পর্যন্ত স্কোর লাইন ছিল ১-১ সমতায়। ৯০ মিনিটে লুই সুয়ারেজের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।