বসুন্ধরার ম্যাচে বাজে রেফারিংয়ের অভিযোগ চট্টগ্রাম আবাহনীর

ফেডারেশন কাপ ফুটবলে বাজে রেফারিং নিয়ে সমালোচনা কম হয়নি। প্রিমিয়ার লিগে আবারও একই চিত্র দেখা গেলো! চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১-০ গোলে জিতেছে বসুন্ধরা। কিন্তু অভিযোগ উঠেছে, সেই ম্যাচে রেফারিং নিরপেক্ষ হয়নি! বসুন্ধরার বিপক্ষে অন্তত দুটি পেনাল্টির আবেদন হলেও রেফারি জসিম আখতার তাতে কোনও সায় দেননি! এই নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চট্টগ্রাম আবাহনী।

ম্যাচের ৬৮ মিনিটে বল বসুন্ধরা ডিফেন্ডার তপু বর্মণের হাতে লাগলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। ৮৩ মিনিটে মাশুক মিয়া জনি প্রতিপক্ষের মোনায়েম রাজুকে ফেলে দিলেও সেটি রেফারির চোখ এড়িয়ে গেছে।

এছাড়া বসুন্ধরার ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে তো মাথা গরম করে খেলতে দেখা গেছে। প্রতিপক্ষের রাগিব হোসেনকে বল ছাড়াই আঘাত করেছেন। অনেকের মতে তা লাল কার্ড পাওয়ার মতো অপরাধ! তবে সেখানে দেখানো হয়েছে হলুদ কার্ড। এছাড়া কর্নারের ফ্ল্যাগ প্রায় তুলে ফেলেছিলেন বসুন্ধরার ব্রাজিলিয়ান রবিনিয়োও। কিন্তু কোনও কিছুই রেফারির দৃষ্টিগোচর হয়নি।

ম্যাচ শেষে তাই এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেন চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজ, ‘রেফারিং কোনভাবেই ভালো হয়নি। আমাদের জোর করেই হারিয়ে দেওয়া হয়েছে। এভাবে হলে ভালো ম্যাচ হবে কী করে? দুটো নিশ্চিত পেনাল্টি দেয়নি। বিশ্বনাথ বল ছাড়া আঘাত করলো, তাকে শুধু হলুড কার্ড দেখানো হলো। রবিনিয়ো কী করেছে তা তো দেখেছেনই। আমরা বার বার বলেও কোনও সমাধান পাইনি।’

এদিকে চট্টগ্রাম আবাহনীর অভিযোগ আমলে নিচ্ছেন না রেফারি জসিম আখতার। তিনি এমন কথাই জানিয়েছেন, বাংলা ট্রিবিউনকে।