প্রিমিয়ার লিগে দাপট দেখিয়ে চলেছে আর্জেন্টাইন-ব্রাজিলিয়ানরা

প্রথমার্ধটা ছিল আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর। তার পরেও গোল হয়নি। বিরতির পর অবশ্য আবাহনী লিমিটেডকে আর রোখা যায়নি। হাইতির কেরভেন্স বেলফোর্ট ও ব্রাজিলের রাফায়েল অগাস্তোর লক্ষ্যভেদে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ঐতিহ্যবাহীরা।

অন্যদিকে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামেও আধিপত্য বিস্তার করেছেন ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন খেলোয়াড়েরা। ব্রাজিলিয়ান রবিনিয়ো ও আর্জেন্টাইন বেসেরার হ্যাটট্র্রিকে বসুন্ধরা কিংস ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।

আবাহনী লিমিটেড ৯ ম্যাচে ষষ্ঠ জয়ে ২১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আছে। সাইফ এক ম্যাচ কম খেলে তৃতীয় হারে আগের ১৩ পয়েন্ট নিয়ে পাঁচেই অবস্থান করছে। বসুন্ধরা কিংস ৯ ম্যাচে আট জয়ে ২৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষেই। এক ম্যাচ কম খেলে আরামবাগ এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি!

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ম্যাচের ২১ মিনিটে এগিয়ে যেতে পারতো। কিন্তু আরিফুর রহমানের বক্সের প্রান্ত থেকে নেওয়া জোরালো শট ক্রস বার দিয়ে ছুঁয়ে চলে যায়। ২৬ মিনিটেও ছিল সুযোগ। কিন্তু ইকেচুকু কেনেথের জোরালো শট গোলকিপার শহীদুল আলম সোহেল প্রতিহত করেন।

এরপর দুটি সুযোগ পায় আবাহনীও। ম্যাচের ৩১ মিনিটে তোরেসের ভলি ক্রস বারের ওপর দিয়ে গেলে হতাশ হয় পুরো দল। ৩৮ মিনিটে জুয়েলের পাসে বেলফোর্ট দূরের পোস্ট দিয়ে মারলে আর গোল পাওয়া হয়নি।

বিরতির পর অবশ্য আবাহনীকে আর আটকানো যায়নি। ৫৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে রায়হান হাসানের লম্বা থ্রো-ইন থেকে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অগাস্তো। ৬৫ মিনিটে স্কোর হয় ২-০। জুয়েল রানার ডান প্রান্তের ক্রস থেকে প্লেসিং করে দেন কেরভেন্স বেলফোর্ট।

অপর দিকে আরামবাগের বিপক্ষে ম্যাচের ৩ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। তৌহিদুল আলম সবুজের ক্রসে বেসেরার হেড খুঁজে নেয় জাল। আরামবাগ অবশ্য ১৮ মিনিটে সমতা এনেছিল। কিন্তু এর পরেই আগ্রাসী রূপ দেখা যায় তাদের মাঝে। ৩২ মিনিটে ফেরনান্দেজের ক্রসে কোনাকুনি শটে ২-১ করেন রবিনিয়ো।

বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে (৪২ মিনিটে) তৃতীয় গোল পায় অস্কার ব্রুজনের দল। কোনাকুনি শটে গোলকিপার আপেল মাহমুদকে পরাস্ত করেন রবিনিয়ো।

দ্বিতীয়ার্ধেও একই রকম ক্ষুরধার ছিল বসুন্ধরার আক্রমণ। তুলে নেয় আরও তিন গোল! ৬৫ মিনিটে সুযোগসন্ধানী শটে ব্যবধান ৪-১ করেন বেসেরা। ৭৪ মিনিটে হ্যাটট্রিকও পূরণ করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।

আর্জেন্টাইন তারকার হ্যাটট্রিকের তিন মিনিট পর হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান তারকা রবিনিয়ো। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। তাতে নিশ্চিত হয় বসুন্ধরার বড় জয়।