ফুটবলারদের 'অ্যাটিচুড' বা মানসিকতার ওপরই বেশি নজর দেবেন বঙ্গবন্ধু গোল্ড কাপে জাতীয় ফুটবল দলের দায়িত্বে থাকা মারুফুল হক। আজ সকালে দল তার কাছে রিপোর্ট করার পর বুয়েট মাঠে এক সেশন অনুশীলন করে খেলোয়াড়রা। এরপর সন্ধ্যা সাড়ে পাঁচটায় যশোরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে জাতীয় দল।
কেরালায় সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে রক্ষণাত্মক মানসসিকতাকেই দায়ী করছেন মারুফ। বঙ্গবন্ধু গোল্ড কাপে এর পরিবর্তন চান তিনি। মারুফ বলেন, 'কেমন জানি একটা রক্ষণাত্মক খোলসের মাঝে ঢুকে গেছে দল। আমি বলবো না যে বাংলাদেশের খুব বেশি আক্রমণাত্মক ফুটবল খেলা উচিৎ। তবে আমার মনে হয় পুরো দলের মাঝে একটা ধারণা আছে যে আমরা গোল খাবো না। এ মনোভাবের কারণে যতটুকু আক্রমণ শানানো সম্ভব তাও হয়ে উঠছে না, আমি চেষ্টা করবো বাংলাদেশ যাতে ধারা থেকে বেরিয়ে আসে।'
জানুয়ারির ৮ তারিখের আগে সময় খুবই কম তবে এতে নিরাশ নন মারুফ। তিনি বলেন, 'ফিটনেস নিয়ে খুব বেশি কাজ করার নেই, সেশনের ফাঁকে আমি এ ব্যাপারে কাজ করবো, আমি ভারতের উদাহরণ দিয়েছি খেলোয়াড়দের। তাদের বলেছি দল ঐক্যবদ্ধ থাকলে ও লড়াকু মানসিকতা থাকলে চ্যাম্পিয়ন হওয়া যায়। ভারত তা করে দেখিয়েছে।'
দলে ফেরত আসা তিন ফুটবলার সম্পর্কে মারুফুলের ব্যাখা, 'ফরোয়ার্ড হিসেবে এমিলির কোনও বিকল্প দেখছি না, প্রতিপক্ষের বক্সে বল ধরে রাখা ও বল ছাড়া এবং গোল করার দক্ষতা আছে তার। মিঠুন চৌধুরিকে নেওয়া হয়েছে তার থ্রু বা ফাইনাল পাস দেওয়ার জন্য। আলমগীর কবির রানাকে এনেছি, কারণ অনেক সময় সোহেল রানা তার দায়িত্বটা পুরোপুরি পালন করতে পারছে না। আলমগীর কবির রানাকে সোহেল রানার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি।'
/আরএম/এমআর/