বাংলাদেশের ফুটবলে ব্রাজিলের দাপটে গাম্বিয়ার হানা

বাংলাদেশের ফুটবলে ব্রাজিলের ছোঁয়া। প্রিমিয়ার লিগের শিরোপার কথা যদি আসে, তাহলে সবার আগে আসবে আবাহনী ও বসুন্ধরা কিংসের নাম। আর এই দুই দলেই খেলছেন চার ব্রাজিলিয়ান। ফুটবল উন্মাদনায় ব্রাজিলের যে দাপট বাংলাদেশে, তার যোগ্য জবাব দিয়ে যাচ্ছেন বসুন্ধরার রবিনিয়ো। প্রিমিয়ার লিগের প্রথম পর্বে তার ১২ গোল। তবে ব্রাজিলকে এককভাবে শীর্ষে থাকতে দিচ্ছে না গাম্বিয়া! আফ্রিকান দেশটির স্ট্রাইকার পা ওমর জোবে সমান গোল করে আছেন ব্রাজিল ফরোয়ার্ড রবিনিয়োর পাশে।   

এই মৌসুমে উঁচু পারিশ্রমিকে ব্রাজিলিয়ান প্লে-মেকার রবিনিয়োকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা। কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা দানিয়েল কলিনদ্রেসের জায়গায় রবিনিয়ো অভিষেকে বাজিমাত করেছেন। মাঠ জুড়ে খেলা এই ফরোয়ার্ড নিজে ১২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। অন্যদিকে গাম্বিয়ান স্ট্রাইকার পা ওমর জোবে পারিশ্রমিক রবিনিয়োর মতো নয়। কিন্তু গোলের দৌড়ে ব্রাজিলিয়ানের সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছেন শেখ জামাল স্ট্রাইকার। রবিনিয়োর মতো ১২ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে তিনি।

সদ্য শেষ হওয়া লিগের প্রথম পর্বে এই দুজনের ছিল সমান দাপট। বসুন্ধরা ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। ২৬ পয়েন্ট নিয়ে শেখ জামাল দ্বিতীয় ও তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে আবাহনী আছে তৃতীয় স্থানে।

লিগের প্রথম পর্বে হ্যাটট্রিক হয়েছে চারটি। পা ওমর জোবে ও রবিনিয়োর পাশাপাশি আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরা ও নাইজেরিয়ান ফরোয়ার্ড ওবি মনেকে করেছেন হ্যাটট্রিক।

এবার বিদেশিদের ভিড়ে স্থানীয়রা সুবিধা করতে পারেননি। আগের মৌসুমে নাবীব নেওয়াজ জীবন ও মতিন মিয়া স্থানীয়দের মধ্যে গোলদাতার তালিকায় ওপরের দিকে ছিলেন। কিন্তু এবার এ দুজনের গোলের খাতা শূন্য। মতিন বদলি হিসেবে খেলতে পারলেও জীবন লিগামেন্টে চোটের কারণে খেলার সুযোগ পাচ্ছেন না।

তবে আলো ছড়িয়েছেন শেখ রাসেলের মিডফিল্ডার মোহাম্মদ আব্দুল্লাহ ও উত্তর বারিধারার স্ট্রাইকার সুমন রেজা। দুজনের থেকে কাছ থেকে এসেছে ৬ গোল।

লিগের প্রথম পর্বে নেতিবাচক ঘটনাও ঘটেছে। পাতানো ম্যাচের দায়ে অভিযুক্ত হয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘ। দুটি দলই আবার পয়েন্ট তালিকায় নিচের দিকে অবস্থান করছে। ব্রাদার্স ৫ পয়েন্ট ও বারিধারা ১ পয়েন্ট নিয়ে তলানিতে। আর আরামবাগ সবচেয়ে বেশি ৪৩ গোল হজম করে অন্যদের ছাড়িয়ে গেছে। দুটি ক্লাবই একাধিক কোচ বদল করেও এখন পর্যন্ত সফল হতে পারেনি। তবে আরামবাগের তরুণ ফরোয়ার্ড নিহাত জামান উচ্ছ্বাস ৫ গোল করে আলো ছড়িয়েছেন।

চার ভেন্যুতে হওয়া লিগের প্রথম পর্ব শেষে এখন মধ্যবর্তী দলবদল চলছে। আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা। তার আগে একাধিক ক্লাব খেলোয়াড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।