হ্যাটট্রিক করেও সাক্ষাৎকার এড়িয়ে গেলেন রোনালদো!

সদ্য চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিশ্চিত হয়েছে জুভেন্টাসের। বার বার ব্যর্থ হওয়ায় নিন্দুকরাও ছেড়ে কথা বলছিলেন না। তাদের কাঠগড়ায় ছিলেন রোনালদো। সিরি আ’য় অবশ্য জুভেন্টাস প্রাণভোমরা জবাব দিলেন সব কিছুর। তার হ্যাটট্রিক গোলে ক্যাগলিয়ারিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস।

গোল করার পর অবশ্য রোনালদো বুঝিয়েও দেন যে, জবাবটা তিনি নিন্দুকদেরই দিচ্ছেন। উদযাপন করতে গিয়ে কানের দিকে নির্দেশ করার ভঙ্গিটা ছিল ইঙ্গিত পূর্ণ!

অবশ্য ম্যাচের আগে থেকে এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল, দল ছেড়ে যেতে পারেন তিনি। কিন্তু ম্যাচের শুরুতে ১০ মিনিটেই গোল করে সব গুঞ্জনের অবসান করে দেন। কর্নার থেকে বুলেট গতির হেডে জাল কাঁপিয়ে স্কোর করেন ১-০। এর ফলে সিরি আ’য় ১৮টি স্টেডিয়ামেই গোল করার নজির গড়লেন পর্তুগিজ তারকা।

এর পর অবশ্য হলুদ কার্ডও দেখতে হয় তাকে। তবে ২৫ মিনিটে রোনালদোকে ফেলে দেওয়ার দরুণ মেলে পেনাল্টি। সেখান থেকে স্পট কিক নিয়ে ব্যবধান বাড়াতেও সময় নেননি তিনি। ৩২ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। বিরতির পর জুভেন্টাস আর গোল না পেলেও ক্যাগলিয়ারি বরং শোধ দেয় একটি।

হ্যাটট্রিক করলেও রোনালদো কিন্তু ম্যাচ শেষের ‘পোস্ট ম্যাচ’ সাক্ষাৎকার দিতে রাজি হননি। অনুরোধ করা হলে তাতে সায় দেননি। ফলে তার জায়গায় জুভেন্টাস অধিনায়ক জর্জিও কিয়েল্লিনি মুখোমুখি হন ক্যামেরার। 

অপর দিকে লিগ ওয়ানে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। ঘরের মাঠেই নঁতের কাছে তারা হেরেছে ২-১ গোলে। মৌসুমের সপ্তম লিগ হারে ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকলো পিএসজি। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিল। আর তাদের হারিয়ে অবনমন শঙ্কায় থাকা নঁতে উঠে এসেছে ১৮তম স্থানে!