বঙ্গবন্ধু গোল্ডকাপে থাকছে তিন স্তরের নিরাপত্তা

BFF BDকঠোর নিরাপত্তার চাদরে মোড়া থাকছে বঙ্গবন্ধু গোল্ড কাপের এবারের পরিক্রমা। ম্যাচ ভেন্যু, প্র্যাকটিস ভেন্যু, টিম হোটেল ও বিমান বন্দরে আনা নেওয়ার সময় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করবে নিরাপত্তা প্রদানকারী কর্তৃপক্ষ। আজ বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এক সংবাদ সম্মেলনে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এসব তথ্য জানানো হয়।
সিকিউরিটি অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট উপ-কমিটির চেয়ারম্যান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান উপস্থাপন করেন নিরাপত্তা পরিকল্পনার খুঁটিনাটি। তিনি বলেন, ‘ ম্যাচ ভেন্যু, প্র্যাকটিস ভেন্যু, টিম হোটেল ও বিমান বন্দরে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখবো, বঙ্গবন্ধু স্টেডিয়ামে গ্রুপ ম্যাচের দিন দুপুর একটা থেকে সকল দোকানপাট বন্ধ থাকবে, ফাইনালের দিন পুরো দিনই বন্ধ থাকবে সকল ব্যবসায়ীক কর্মকাণ্ড। এছাড়া মাঠে ছুড়ে মারা যায় এমন কিছু নিয়ে  দর্শকরা গ্যালারিতে প্রবেশ করতে পারবেন না। গ্যালারিতেও সাদা পোশাকে পুলিশ পর্যবেক্ষণ থাকবে।  ম্যাচ ডে-তে টিকিট ছাড়া স্টেডিয়াম অঙ্গনে প্রবেশ করতে পারবে না কোনও মানুষ। এছাড়া যে কোনও সন্দেহভাজন আচরণ নিরাপত্তা কর্মীদের মাধ্যমে খতিয়ে দেখা হবে।’
বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শুরু হবে ১২ জানুয়ারি থেকে। এখানে টিকিটের মূল্য রাখা হয়েছে  উভয় গ্যালারি ১০০ টাকা, ভিআইপি  ৩০০, রেড বক্স ৫০০ টাকা, হসপিটালিটি বক্স ২০০০ টাকা। গ্যালারির টিকিট স্টেডিয়ামের কাউন্টার ও বাফুফে ভবনে পাওয়া যাবে। স্টেডিয়ামে মোট ২১,৮০০ আসন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

টুর্নামেন্টের স্পন্সররা হচ্ছে বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশন, এবি ব্যাংক, হা-মিম গ্রুপ, বেক্সিমকো ও লটো। টুর্নামেন্টের সব খেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানল নাইন।

BFF BD 2সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, খেলার টিকিটিং সম্পর্কে বিস্তারিত অবহিত করেন টিকিটিং, গেইট ম্যানেজমেন্ট অ্যান্ড সিটিং অ্যারেজমেন্ট উপ-কমিটির চেয়ারম্যান শেখ মো. আসলাম, প্রতিযোগিতার নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

 

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল আগামী ৮ জানুয়ারি যশোরের শামসুল হুদা স্টেডিয়াম ও  বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কম্বোডিয়া, মালয়েশিয়া, বাহরাইন, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলসহ ৮টি ফুটবল দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে।

/আরএম/এফআইআর/