সানরাইজার্সের নেতৃত্ব হারালেন ওয়ার্নার

আইপিএলে প্রত্যাশা মতো পারফর্ম করতে পারছেন না ডেভিড ওয়ার্নার। এর ওপর তার নেতৃত্বেও কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না দল। ৬ ম্যাচের ৫টিতে হারায় সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নারকে। তার বদলে দলটিকে নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

শনিবারই আচমকা এমন সিদ্ধান্তের কথা জানায় সানরাইজার্স। বিবৃতিতে দলটি বলেছে, ‘সানরাইজার্স ঘোষণা করছে যে, আগামী কাল ম্যাচের নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন। আইপিএলের বাকি অংশটাও তার নেতৃত্বে খেলবে দল।’

অবশ্য শুধু নেতৃত্বই হারাননি ওয়ার্নার, সানরাইজার্স ইঙ্গিত দিয়েছে কালকের একাদশ থেকেও বাদ পড়তে পারেন তিনি, ‘রাজস্থানের বিপক্ষে কালকের ম্যাচে বিদেশি খেলোয়াড়ের কম্বিনেশন নিয়েও টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে।’

ওয়ার্নারের বদলে একাদশে থাকতে পারেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

হায়দরাবাদ আরও জানিয়েছে, এমন সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না। তারা স্বীকার করে দীর্ঘ দিন ধরে দলটিতে বিশেষ প্রভাব রয়েছে ওয়ার্নারের। সেটির প্রতি শ্রদ্ধাও রয়েছে ফ্র্যাঞ্চাইজির। তাই দলে পরিবর্তন আসলেও ওয়ার্নার ভবিষ্যতে মাঠ ও মাঠের বাইরে একই অবদান রাখবেন বলে প্রত্যাশা দলটির।