লকডাউনে বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরেছিলেন জামাল ভূঁইয়া। লক্ষ্য ছিল প্রিমিয়ার লিগ ফুটবলের ফিরতি পর্বের শুরুতেই যাতে সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলতে পারেন। তিনি অবশ্য খেলতে পারলেও জয়ের দেখা পায়নি তার দল। রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করেছে সাইফ স্পোর্টিং।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ে বেশি আক্রমণাত্মক ছিল রহতমগঞ্জ। কিন্তু বেশ কিছু সুযোগ তৈরি করেও সাফল্য পায়নি তারা। জামাল ভূঁইয়া দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও ভাগ্য ফেরেনি সাইফের। এই ড্রয়ে ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চারে আছে সাইফ স্পোর্টিং।
অপর ম্যাচে আরামবাগকে ২-১ গোলে হারিয়ে লিগ শুরু করেছে মোহামেডান। প্রথম পর্বেও আরামবাগকে তারা হারিয়েছিল ৩-০ গোলে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডান প্রথম গোল পায় আট মিনিটে। হাবিবুর রহমান সোহাগের ফ্রি কিকের পর সুযোগ পেয়ে জালে বল জড়িয়েছেন মালির ফরোয়ার্ড দিয়াবাতে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার সোহাগের আত্মঘাতী গোলে সমতায় ফিরে যায় আরামবাগ। একটা সময় এই গোলই কাল হয়ে দাঁড়াচ্ছিল মোহামেডানের। মনে হচ্ছিল, ম্যাচটা বোধহয় ড্রয়ের দিকেই যাচ্ছে। কিন্তু শেষ দিকের যোগ করা সময়ে দলকে জয়ের আনন্দে ভাসান দিয়াবাতে। ৯০+২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মালির এই ফরোয়ার্ড।
১৩ ম্যাচে ৬ জয় ও ৪টি ড্রয়ে মোহামেডানের সংগ্রহ ২২ পয়েন্ট। তাদের অবস্থান পঞ্চম।