জাতীয় দলে করোনার হানায় আতঙ্কিত নন ফুটবলাররা

অনুশীলন শুরু হওয়ার মধ্যেই করোনাভাইরাস আঘাত হেনেছে জাতীয় ফুটবল দলে। করোনায় আক্রান্ত হয়েছেন উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। কিছুটা সংশয় ছিল বলে দ্বিতীয় দফাও পরীক্ষা করা হয়েছিল। কিন্তু কোনও সুখবর মেলেনি। তবে স্বস্তির বিষয় তার রুমমেট সোহেল রানা নেগেটিভ ফল পেয়েছেন।

এমন পরিস্থিতিতে অবশ্য আতঙ্কিত নন ফুটবলাররা। কীভাবে করোনা থেকে নিরাপদে থাকা যাবে সেটি-ই পালন করছেন সবাই। বিশেষ করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে যার যার হোটেল রুমে ফিরে যান খেলোয়াড়রা। কেউ যেন অন্য রুমে গিয়ে সময় না কাটান-সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইংলিশ কোচ। বুধবার অনুশীলন শেষে শেখ রাসেলের উইঙ্গার মোহাম্মদ আব্দুল্লাহ জানালেন সেই কথা, ‘কোভিডের কারণে কোচ আমাদের বলে দিয়েছেন হোটেলে একজনের রুমমেট আরেক জনের রুম পর্যন্ত যাবে না। যার যার রুমে অবস্থান করবে। কারো যদি পজিটিভ আসে, তাকে অন্য কারো সঙ্গে মিশতে দেওয়া হয় না। আমরাও ইতিবাচক আছি, আতঙ্কিত নই।’

সতীর্থ ইব্রাহিম এখন আইসোলোশনে আছেন। এই অবস্থায় করোনাভাইরাস নিয়ে সতর্ক দলের বাকি সদস্যরা। আব্দুল্লাহ যেমনটি বলছিলেন, ‘যখন ও (ইব্রাহিম) আবার নেগেটিভ হবে, আবার যোগ দেবে। কিন্তু আমাদেরও যে কারো পজিটিভ হতে পারে, এটা এখন আর নতুন নয়। বছর দুয়েক হয়ে গেলো কোভিড এসেছে। আমরাও জানি কীভাবে থাকলে নিরাপদ থাকা যাবে। সেভাবে চলাফেরা করছি, অনুশীলন করছি, হোটেলে অবস্থান করছি। এভাবে যতটুকু নিরাপদ থাকা যায়।’