খুন হয়েছিলেন ম্যারাডোনা?

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসক, নার্সসহ ৭ জনের বিরুদ্ধে ‘পূর্ব পরিকল্পিত’ খুনের অভিযোগ আনা হয়েছে। এমন তথ্যই জানিয়েছে, এএফপি।     

তদন্ত শুরুর পর আর্জেন্টিনার সান ইসিদ্রোর প্রসিকিউটর কার্যালয় অভিযুক্ত সাত জনের দেশত্যাগের অনুমতি না দিতে বিচারকের প্রতি আহ্বান জানিয়েছেন। অভিযুক্তরা যদি দোষী প্রমাণিত হন, তাহলে তারা ৮ থেকে সর্বোচ্চ ২৫ বছরের জন্য কারাবাস ভোগ করবেন।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬০ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি মারা যান গত বছরের ২৫ নভেম্বর। এরপর থেকেই পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির কথা বলা হচ্ছিল।

মারা যাওয়ার দুই সপ্তাহ আগেই মস্তিষ্কে অস্ত্রোপচার করিয়েছিলেন ম্যারাডোনা। সেই অস্ত্রোপচার করিয়েছিলেন লিওপোলডো লুকে। অভিযুক্ত ৭ চিকিৎসকের মধ্যে আছেন তিনিও। এছাড়া মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনা কোসাচোভও রয়েছেন অভিযুক্তদের তালিকায়। তবে দুজনেই অভিযোগ অস্বীকার করেছেন।